মহাসড়ক অবরোধ করে সোনারগাঁয়ে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় ‘পুলিশের কথিত সোর্সদের (তথ্যদাতা) অত্যাচারে অতিষ্ঠ’ এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। গতকাল শনিবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে শত শত নারী-পুরুষ অংশ নেন।
এলাকাবাসীর অভিযোগ, সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামানের কথিত সোর্স রনি মিয়া, মিরাজ রাহাত, ফিরোজ, সোহেল ও মেহেদী মিয়া কাঁচপুর ইউনিয়নের সোনাপুর, চেঙ্গাইন, পশ্চিম ও পূর্ব বেহাকৈরসহ আশপাশের কয়েকটি গ্রামে সাধারণ মানুষকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে হয়রানি করে থাকেন। টাকা না দিলে মাদকদ্রব্য দিয়ে ফাঁসানোর ভয় দেখানো হয় সাধারণ মানুষকে।
বিক্ষোভ চলাকালে নুরুল ইসলাম নামের একজন বলেন, সোর্সরা নিরীহ মানুষকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে নিজেরাই ইয়াবা বড়ি ও গাঁজা দিয়ে ফাঁসিয়ে এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন উৎকোচ। পুলিশের হয়রানির ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস না পেলেও দিন দিন ফুঁসে উঠছে এলাকাবাসী। তিনি বলেন, ‘রিকশায় করে শুক্রবার রাতে বাসায় ফেরার পথে রিকশা থামিয়ে মামলার ভয় দেখিয়ে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা আদায় করা হয়েছে।’ ফাহিমা খাতুন নামের এক গৃহবধূ বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় সোর্স মিরাজ পুলিশ নিয়ে এসে আমার স্বামী ভাঙারি ব্যবসায়ী রিপনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে থানা থেকে ফোন করে ৩০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে তাঁকে মাদক মামলায় চালান করা হবে বলে হুমকি দেওয়া হয়।’
এসআই মনিরুজ্জামান বলেন, ‘এরা কেউ আমার সোর্স নয়। তবে আমার নাম ভাঙিয়ে অপরাধ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এস এম ওবায়দুল হক বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।