মহাসড়ক অবরোধ, দুর্ভোগ

হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়ক অবরোধ করেন হাতীবান্ধা উপজেলা শাখার বাস ও মোটরশ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা। পরে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও হাতীবান্ধা উপজেলা বাস শ্রমিক ইউনিয়ন সমিতি সূত্রে জানা গেছে, স্থানীয় মেডিকেল মোড় এলাকায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে হাতীবান্ধা উপজেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও সদস্য সাইফুলের সঙ্গে স্থানীয় থ্রি-হুইলারের চালক বাবুলের কথা-কাটাকাটি হয়। এ সময় পাশে থাকা বাবুলের ভাই লাবলু এগিয়ে গেলে ওই হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বাস ও মোটরশ্রমিকেরা মহাসড়কের ওপর ট্রাক ও বাস আড়াআড়ি করে রেখে বেলা ১১টার দিকে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে বেলা ১টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনাস্থলে গিয়ে বিষয়টির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।