ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাসচাপায় এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল সোমবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে। ওই সময় ইসলাম পরিবহনের একটি বাস ভাঙচুর করা হয়। অবরোধে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রোববার উপজেলার বাগান চেয়ারম্যানবাড়ী স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইসলাম পরিবহনের একটি বাসের চাপায় বাগান ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র মিনহাজ উদ্দিন (১৫) নিহত হয়। মিনহাজ উপজেলার পাঁচপাড়া গ্রামের বুলবুল আহমেদের ছেলে। প্রতিদিনের মতো বাইসাইকেল করে বাড়ি ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে।দায়ী বাসচালককে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মিনহাজের সহপাঠীরা গতকাল সকাল ১০টার দিকে বাগান এলাকায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ইসলাম পরিবহনের একটি বাস ভাঙচুর করে। পুলিশ অবরোধকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। ওই সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থী ও এলাকাবাসীর ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে দুই কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।