বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ভটভটিচালক নিহতের ঘটনায় ক্ষুব্ধ জনগণ ঢাকা-বগুড়া মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ এবং শতাধিক বাস-ট্রাক ভাঙচুর করেছে। তাদের ছোড়া ঢিলের আঘাতে পুলিশসহ সাতজন আহত হয়েছে।ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার শেরুয়া বটতলা এলাকায় গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনগণ শেরুয়া বটতলায় গতিরোধক (স্পিডব্রেকার) নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে। রাত আটটার দিকে মহাসড়কে বাস চলাচল স্বাভাবিক হয়।নিহত ভটভটিচালক হলেন উপজেলার ধর্মকাম গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে বাবুল হোসেন (২৮)। ক্ষুব্ধ জনগণের ছোড়া ঢিলে আহত হন শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান, কনস্টেবল রিপন, বাসযাত্রী আমজাদ, ইসমাইল, আলমগীর, হাফিজ, হিরো।প্রত্যক্ষদর্শীরা জানান, ভটভটিচালক বাবুল হোসেন বেলা আড়াইটার দিকে শেরুয়া বটতলায় ঢাকাগামী একটি বাসের চাপায় আহত হলে তাঁকে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেলে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ক্ষুব্ধ জনগণ দুর্ঘটনাস্থলে গতিরোধক নির্মাণের দাবিতে বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত সড়ক অবরোধ করে। এ সময় দীর্ঘ যানজট তৈরি হয়।আহত এসআই মিজানুর রহমান জানান, বিক্ষুব্ধ লোকজন এ সময় শতাধিক বাস-ট্রাক ভাঙচুর করে। বিক্ষুব্ধ লোকজন আটকে পড়া যানবাহনের মধ্য থেকে শতাধিক বাস-ট্রাক ভাঙচুর করে।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম প্রধানসহ পুলিশের কর্মকর্তারা জরুরি ভিত্তিতে গতিরোধক তৈরির প্রতিশ্রুতি দিলে ক্ষুব্ধ জনগণ অবরোধ তুলে নেয়।