মহাসড়ক ও ঘাটে যানজটে দুর্ভোগ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর দুই প্রান্তে দীর্ঘ যানজট। মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী নৌপথে পদ্মার তীব্র স্রোতের কারণে ফেরি পারাপারে বিঘ্ন ঘটায় ঘাটে যানবাহনের দীর্ঘ সারি। ফলে এসব পথে গতকাল মঙ্গলবার ঈদে বাড়িমুখী মানুষকে যানজটে দুর্ভোগ পোহাতে হয়েছে।
সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর থেকে মেঘনা সেতু এলাকা এবং সোনারগাঁর মোগরাপাড়া থেকে কেওঢালা পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার অংশে তীব্র যানজট সৃষ্টি হয়। এই জটে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে যাত্রী ও যানবাহনের চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বেলা আড়াইটার পর থেকে যানজট কমতে থাকে।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম মজুমদার বলেন, ঈদ সামনে রেখে যানবাহনের চাপ, চার লেনের দ্রুতগতির যানবাহনগুলো ধীরগতিতে মেঘনা সেতুতে ওঠে, ধীরগতিতে মেঘনা সেতু অতিক্রম করার কারণে যানজট সৃষ্টি হয়।
এদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে পদ্মার তীব্র স্রোত ও প্রয়োজনের তুলনায় ফেরি কম হওয়ায় ঈদযাত্রায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। তীব্র স্রোতের কারণে ফেরি পারাপারে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় বেশি লাগছে। ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে যানজটের।
শিমুলিয়ার চারটি ঘাটে ও সড়কে দুপুর পর্যন্ত প্রায় সাড়ে ছয় শ যানবাহন অপেক্ষমাণ ছিল। বিকেল চারটার পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে।
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পাটুরিয়া ফেরিঘাটে সকালে যাত্রীবাহী বাসের বেশ চাপ ছিল। সন্ধ্যা ছয়টায় ঘাট এলাকায় অর্ধশত বাস পার হওয়ার অপেক্ষায় ছিল।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় এবং স্থানীয় সূত্র বলেছে, দুপুর ১২টার দিকে ঘাট এলাকার প্রায় দুই কিলোমিটার পর্যন্ত বাসের সারি বিস্তৃত ছিল। বেলা তিনটার পর এই চাপ কমতে শুরু করে।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন মানিকগঞ্জ, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি এবং মুন্সিগঞ্জ সংবাদদাতা)