প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর গাজীপুরের বিভিন্ন স্থানে দীর্ঘদিন থেকে সিটি করপোরেশনের ময়লা-আবর্জনা ফেলে রাখা হচ্ছে। এসব ময়লা-আবর্জনা তিন দিনের মধ্যে অপসারণের জন্য নির্দেশ দিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম।
গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর শহরের ছয়দানা, বড়বাড়ি ও কড্ডা এলাকায় মহাসড়কের পাশের ময়লার ভাগাড় পরিদর্শন করার সময় জেলা প্রশাসক নুরুল ইসলাম উপস্থিত সিটি করপোরেশনের প্রধান বর্জ্য কর্মকর্তা কবির আল আসাদকে ওই নির্দেশ দেন। এ সময় গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাজীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মহিবুল হকসহ স্থানীয় প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।