মহাসড়ক দখল করে ভাগাড়

দায়ী ফরিদপুর পৌরসভা: বর্জ্যের কারণে কৃষিজমির চাষাবাদও ব্যাহত হচ্ছে
ফরিদপুরে মহাসড়ক এবং এর সংলগ্ন জায়গা দখল করে ভাগাড় বানিয়েছে ফরিদপুর পৌরসভা। বৃষ্টির কারণে ওই মহাসড়ক এবং এর ঢালের বর্জ্য পাশের জমিতে ছড়িয়ে পড়ায় পরিবেশ দূষিত হচ্ছে।
এ ঘটনা ঘটেছে ফরিদপুর শহরতলির ঢাকা-বরিশাল মহাসড়কে নুরু মিয়া বাইপাস সড়কে। শহরের রাজবাড়ি রাস্তার মোড় থেকে আনুমানিক দেড় কিলোমিটার দূরে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের কবিরপুর এলাকায় বাইপাস সড়কের ডান দিকে মহাসড়কের অর্ধেক অংশজুড়ে ফেলা হচ্ছে পৌরসভার এ বর্জ্য।
জানা গেছে, প্রায় ছয় মাস ধরে সড়ক বিভাগের জায়গায় মহাসড়কের আনুমানিক ৩০০ মিটার দীর্ঘ ও ২০০ মিটার প্রস্থ আকারের জায়গায় এ ময়লা ফেলা হচ্ছে পৌরসভার গাড়িতে করে। ময়লা ও আবর্জনার মধ্যে উল্লেখযোগ্য অংশজুড়ে রয়েছে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বর্জ্য। রাস্তা ও রাস্তার ঢালে ফেলা এ বর্জ্য সরাসরি খন্দকার মঞ্জুর আলী, মো. কামরুজ্জামানসহ তিন ব্যক্তির মালিকানাধীন জায়গায় গিয়ে পড়ছে। এ ছাড়া গত কয়েক দিনের বৃষ্টির কারণে ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় পৌরসভার ওই বর্জ্য ছড়িয়ে পড়েছে ওই এলাকার আনুমানিক ২ একর ৬০ শতাংশ জমিতে।
খন্দকার মঞ্জুর আলী জানান, তাঁর মালিকানাধীন জায়গায় অবৈধভাবে এ বর্জ্য ফেলছে পৌরসভা। এ ব্যাপারে পৌরসভা তাঁদের সঙ্গে সৌজন্যমূলক কোনো কথাও বলেনি। তিনি বলেন, ‘আমি ওই জায়গায় “এখানে ময়লা ফেলা যাবে না” লেখা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছি। কিন্তু কে শোনে কার কথা।’
বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় প্রায় ২ একর ৬০ শতাংশ জমিতে ওই বর্জ্য ছড়িয়ে পড়েছে। এতে রোপা আমন ধান বপনে সমস্যা হচ্ছে।
কবিরপুর এলাকার বাসিন্দা কৃষক আহাদ মোল্লা বলেন, ‘হাসপাতালের বড় বড় সুই সারা জমিতে ছড়িয়ে পড়েছে। আমরা রোপা আমন ধান রোপণ করতে পারছি না।’ আরেক কৃষক মো. জহিরউদ্দিন বলেন, ‘আমি কাজের জন্য কামলা পাচ্ছি না। দুজন কামলা কাজ করতে এসে পায়ে সুচ ফুটে যাওয়ার পর থেকে আর কোনো কামলা আমার জমিতে কাজ করতে চাচ্ছে না।’
ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘পৌরসভা বিনা অনুমতিতে আমাদের রাস্তা ও রাস্তা–সংলগ্ন জায়গায় ময়লা ফেলছে। এতে আমরা ভীষণ বেকায়দায় পড়েছি। রাস্তার অর্ধেক অংশে ময়লা ফেলায় ওই এলাকায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা পৌরসভাকে জানিয়েছি এবং জেলা উন্নয়ন সমন্বয় সভায় এ বিষয়টি তুলেছি। কিন্তু কোনো সমাধান পাইনি।’
এ ব্যাপারে ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী ওরফে মেথু বলেন, শহরতলির আদমপুরে ভাগাড়ের জন্য জায়গা কেনা হয়েছে। সেখানে ভাগাড় নির্মাণকাজ শেষ হলে এ সমস্যার সমাধান হবে।