মহাসড়ক-যাত্রীছাউনিতে বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলার গেন্ডা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জমি দখল করে মার্কেট বানানো হয়েছে। সেখানে উপজেলা কৃষক লীগের সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন এক নেতা।ওই মার্কেটের উল্টো দিকে ঢাকা-আরিচা মহাসড়ক ও যাত্রীছাউনি দখল করে বাজার বসানো হয়েছে। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।স্থানীয় ও সওজ সূত্র জানায়, মাস দুয়েক আগে ঢাকা-আরিচা মহাসড়কের পশ্চিম পাশে গেন্ডা এলাকায় সাভার উপজেলা পরিষদের পাশে সওজের জমি ভরাট করে টিন ও বাঁশের মার্কেট নির্মাণ করেন উপজেলা কৃষক লীগের সহসভাপতি হাবিবুল্লাহ। এ মার্কেটের ১০টি দোকান বরাদ্দ দেওয়ার চেষ্টা করছেন তিনি।এ ব্যাপারে হাবিবুল্লাহর বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি আর কথা বলেননি। পরে কয়েকবার ফোন করলেও তিনি ধরেননি। তবে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব বলেন, ‘আমাদের নিষেধ অমান্য করে হাবিবুল্লাহ সওজের জমি দখল করে মার্কেট নির্মাণ করে কৃষক লীগের সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন। এতে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই সভাপতির অনুমতি নিয়ে হাবিবুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’সড়ক দখল করে বাজার: গেন্ডায় ঢাকা-আরিচা মহাসড়কের পূর্ব পাশে সাভার পৌরভবনসংলগ্ন খালি জমি পাইকারি ও কাঁচাবাজারের জন্য এক বছর মেয়াদে ইজারা দেওয়া হয়েছে। ইজারার শর্ত অনুযায়ী, পৌরসভার মালিকানাধীন জমিতে দোকানপাট বসানোর কথা। কিন্তু পাশে সওজের জমি ও মহাসড়কের ওপরও বাজার বসানো হয়েছে। দোকান বসানো হয়েছে যাত্রীছাউনিতেও। আর এই বাজার ঘিরে রিকশা, রিকশাভ্যান, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চাপ থাকে। মালামাল ওঠানো-নামানো হয় সড়কের ওপরই।ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি গেন্ডার বাসিন্দা আশরাফ উদ্দিন খানসহ কয়েকজন অভিযোগ করেন, মহাসড়কসহ যাত্রীছাউনিতে দোকানপাট বসানোয় গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় প্রতিদিন সকালে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।রেজাউল ইসলাম ও মহিউদ্দিনসহ কয়েকজন দোকানি বলেন, মহাসড়কে বসানো প্রতিটি দোকান থেকে আয়তন ভেদে প্রতিদিন ১০০ থেকে ৩০০ টাকা করে চাঁদা আদায় করা হয়। কয়েকজন যুবক এসে ওই চাঁদা নিয়ে যান। তবে দোকানিরা চাঁদা সংগ্রহকারী যুবকদের নাম বলতে চাননি।বাজারের ইজারাদার আবদুল আউয়াল মহাসড়কে বাজার বসিয়ে চাঁদা নেওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘রাস্তায় বাজার বসিয়ে অন্য কেউ টাকা নিতে পারেন।’সাভার পৌরসভার সচিব ইমরোজ মজিব বলেন, ‘আমরা পৌরসভার জমি ইজারা দিয়ে বাজার বসিয়েছি। সওজের জমি বা মহাসড়কে বাজার বসানোর কথা নয়। যাত্রীছাউনি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’সওজ ও প্রশাসনের বক্তব্য: ঢাকা জেলা সওজের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আসলাম আলী বলেন, সাভারের গেন্ডা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ বিঘা জমি রয়েছে। অবৈধ দখলদারদের উচ্ছেদের ব্যাপারে ঢাকার জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। ম্যাজিস্ট্রেট ও পুলিশ দিলেই অভিযান চালানো হবে।সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবীর হোসেন সরদার বলেন, গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ দখলদারদের উচ্ছেদে খুব শিগগির অভিযান চালানো হবে।