মহাসড়ক যানজটমুক্ত রাখতে নানা উদ্যোগ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম উপজেলা পর্যন্ত ৯৭ কিলোমিটার এলাকা যানজটমুক্ত রাখতে কুমিল্লা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ (সওজ) যৗথভাবে নানা ধরনের উদ্যোগ নিয়েছে। আসন্ন ঈদকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগের মধ্যে রয়েছে মহাসড়কের উভয় পাশ থেকে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ, মহাসড়কে যানবাহন দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা বন্ধ করা, কম গতির যানবাহন চলাচল বন্ধ এবং শতাধিক পুলিশ মোতায়েন করা। গত সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের এস এ বারী সম্মেলন কক্ষে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানতে চাইলে কুমিল্লা জেলা প্রশাসক মো. জামাল হোসাইন বলেন, ঈদের এক সপ্তাহ আগ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনের জন্য বিশেষ ধরনের টিমসহ অতিরিক্ত পুলিশ মহাসড়কে থাকবে। ঢাকা থেকে কুমিল্লা হয়ে চট্টগ্রামের মানুষ যেন নির্বিঘ্নে যথাসময়ে গন্তব্যে পৌঁছতে পারে সে ব্যবস্থা করা হবে। এ জন্য কুমিল্লার নিমসার তরকারি বাজারকে ঈদ উপলক্ষে কলেজ মাঠে নেওয়া হবে। একই সঙ্গে গৌরিপুর এলাকায় অবৈধভাবে যাত্রী নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা যানবাহন সরানো হবে।