
অসুস্থ স্ত্রীকে নিয়ে গতকাল শনিবার সকালে ঢাকায় যাচ্ছিলেন রাজবাড়ীর শ্যামল সরকার। সাভার বাসস্ট্যান্ড এলাকায় এসে যানজটে তাঁদের অ্যাম্বুলেন্সের চাকা থেমে যায়। মাত্র এক মিনিটের পথে আধা ঘণ্টা কাটানোর পরই এলাকাটি পেরোতে সক্ষম হয় অ্যাম্বুলেন্সটি।
ঢাকা-আরিচা মহাসড়কে প্রতিনিয়ত এমন ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। সড়কে নামেমাত্র আছে বাসস্ট্যান্ড। কিন্তু কোথাও বাস থামার মতো পর্যাপ্ত জায়গা নেই। ফলে মহাসড়কের ওপরেই দাঁড়িয়ে যায় যানবাহন। কোথাও আবার সড়কের ওপর বাজার বসছে। এই দুই কারণে দেশের অন্যতম ব্যস্ত এ মহাসড়কের বাসস্ট্যান্ডগুলোতে যানজট লেগেই থাকে।
মানিকগঞ্জ জেলা মাইক্রোবাস-কার মালিক বহুমুখী সমবায় সমিতির সাবেক কার্যকরী সভাপতি দেবেন্দ্র চক্রবর্তী বলেন, যাত্রী ওঠানো-নামানোই যানবাহনের শ্রমিকদের কাজ। বিকল্প না থাকায় তাঁরা মহাসড়কের ওপরে গাড়ি দাঁড় করিয়ে সেই কাজটা করেন। তিনি স্ট্যান্ডগুলোতে বাস দাঁড়ানোর মতো পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করতে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কাছে দাবি জানান।
সওজ সূত্র বলছে, রাজধানীর গাবতলী থেকে পাটুরিয়া পর্যন্ত এ মহাসড়কের দৈর্ঘ্য ৭৯ কিলোমিটার। এই পথে অন্তত ৫০টি বাসস্ট্যান্ড রয়েছে। এর মাত্র কয়েকটিতে যানবাহন দাঁড়ানোর ব্যবস্থা আছে।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের টেপড়া, বরঙ্গাইল, মহাদেবপুর, মানিকগঞ্জ, গোলরা, বাথুলী, কালামপুর, জয়পুড়া, ঢুলিভিটা, নবীনগর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গেন্ডা ও হেমায়েতপুর বাসস্ট্যান্ডে যানবাহন দাঁড়ানোর স্বার্থে মহাসড়কের দুই পাশ প্রশস্ত করা হয়েছে। কিন্তু থেমে থাকা যানবাহন ও বাজারের কারণে চলমান যানবাহন সেই জায়গা ব্যবহার করতে পারে না।
মহাসড়কের ব্যস্ততম এলাকা সাভার বাসস্ট্যান্ডেও যানবাহন দাঁড়ানোর জায়গা নেই। সড়কের উভয় পাশে রয়েছে জনসাধারণের হাঁটার রাস্তা। ফলে যানবাহনগুলো ওই রাস্তার পাশে ভিড়ে যাত্রী তোলে বা নামিয়ে দেয়। একাধিক বাস একসঙ্গে কয়েক মিনিট দাঁড়ালেই দীর্ঘ যানজট যায়।
এদিকে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের উভয় পাশ প্রশস্ত করে বিভাজক দিয়ে যানবাহনে যাত্রী ওঠানো-নামানোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তা কোনো উপকারে আসছে না। পৌরসভার কাঁচাবাজারের ব্যবসায়ী ও প্রভাবশালীরা সড়কের ওই এলাকা দখল করে রাখছেন। ফলে মহাসড়কের পাশের সেই অতিরিক্ত জায়গায় যানবাহন দাঁড়াতে পারে না। প্রতিদিন সকালে সেখানে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।
সাভার ব্যাংক কলোনির বাসিন্দা আজাহারুল ইসলাম বলেন, গেন্ডা বাসস্ট্যান্ডের যানজটের কারণে তিনি মাঝেমধ্যেই ঢাকার মতিঝিলে নিজের কর্মস্থলে সঠিক সময়ে পৌঁছাতে পারেন না। বাধ্য হয়ে এখন তিনি স্বাভাবিকের চেয়ে এক-দেড় ঘণ্টা আগে বাসা থেকে বের হন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে সাভারের বিশমাইল বাসস্ট্যান্ড মহাসড়কের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর একটি। যানবাহন দাঁড়ানোর ব্যবস্থা না থাকায় এখানে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে।
পাশের কুটুরিয়া এলাকার ব্যবসায়ী মজিবর দেওয়ান বলেন, বিশমাইল বাসস্ট্যান্ড হয়ে বিশমাইল-জিরাব সড়কে পোশাক কারখানার পণ্যবাহী কাভার্ড ভ্যানসহ বিভিন্ন যান চলাচল করে। তিন দিক থেকে চলাচল করায় এখানে সারা দিনই যানবাহনের চাপ থাকে। এখানে সড়কের উভয় পাশ প্রশস্ত করা দরকার।
ধামরাইয়ের নয়ারহাট সেতুর ঢালেই ইসলামপুর বাসস্ট্যান্ড। গতকাল দুপুর ১২টার দিকে সেখানে মহাসড়কের উভয় পাশে যানবাহনের লম্বা সারি চোখে পড়ে। হেঁটে রাস্তা পার হওয়ারও কোনো উপায় ছিল না।
ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবীর বলেন, ইসলামপুর বাসস্ট্যান্ডের পাশের হাসপাতাল, প্রাথমিক বিদ্যালয় ও বাজার রয়েছে। অথচ এখানে মহাসড়ক ছাড়া যানবাহন থামার কোনো জায়গা নেই। ফলে যানজটে পড়ে রোগী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হয়। তিনি আরও বলেন, ইসলামপুর বাসস্ট্যান্ডের পাশের বিস্তর জমির মালিক সওজ। সেগুলো বালু ব্যবসায়ীদের দখলে রয়েছে। দখলমুক্ত করে সেখানে যানবাহন দাঁড়ানোর জায়গা করলেই জনসাধারণের দুর্ভোগ লাঘব হবে।
মানিকগঞ্জের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে মহাসড়কের দুই পাশে কয়েক ফুট প্রশস্ত করা হয়েছে। কিন্তু রিকশা আর যাত্রীদের চাপে ওই জায়গায় বাস ঢুকতে পারে না। ফলে বাস থামছে মূল সড়কের ওপরেই। তাই এ স্ট্যান্ডেও যানজট নিত্যনৈমিত্তিক ব্যাপার।
সওজ মানিকগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মহিবুল হক বলেন, যাত্রীদের ভোগান্তি ও নিরাপত্তার কথা চিন্তা করে তাঁরা নবীনগর থেকে পাটুরিয়া পর্যন্ত বেশ কয়েকটি বাসস্ট্যান্ডে সড়কের দুই পাশ প্রশস্ত করেছেন। পর্যায়ক্রমে অন্যান্য স্ট্যান্ডেও একই ব্যবস্থা নেওয়া হবে।
সওজ ঢাকার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান প্রথম আলোকে বলেন, যানবাহন দাঁড়ানোর জন্য যেসব স্ট্যান্ড প্রশস্ত করা হয়েছে, তা কেউ দখল করে থাকলে উচ্ছেদ করা হবে।