মহাসড়কটির আয়ু দেড় বছর!

দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকার বিকল্প সড়কটি উদ্বোধনের মাত্র দেড় বছরের মাথায় চলার অনুপযোগী হয়ে পড়েছে। সড়কজুড়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ।
সরেজমিন দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানের কার্পেটিং উঠে খানাখন্দ তৈরি হয়েছে। বৃষ্টির পানিতে এসব গর্ত ও খানাখন্দ ভরে গিয়ে যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে দক্ষিণাঞ্চল থেকে ফেরিতে ওঠার সময় গাড়ির গতি বাড়াতে বাধ্য থাকেন চালকেরা। তখন খানাখন্দে চাকা পড়ে গাড়ির যন্ত্রাংশ পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে।
গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক শহিদুল ইসলাম বলেন, ‘জরুরি রোগী নিয়ে দ্রুত ফেরিতে উঠতে গেলে বিকল্প সড়ক দিয়েই ফেরিঘাটে পৌঁছাতে হয়। কিন্তু ওই সড়কের খানাখন্দ ও গর্তে চাকা পড়ে রোগীর মরার দশা হয়।’
রাজবাড়ী সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তর জানায়, ২০১৩ সালের ১৬ জানুয়ারি মহাসড়কের দৌলতদিয়া ফেরিঘাট থেকে টার্মিনালের বিআইডব্লিউটিসির বুকিং কাউন্টার পর্যন্ত ১ দশমিক ২৫ কিলোমিটার দীর্ঘ বিকল্প সড়ক উদ্বোধন করা হয়। সড়কটি চার কোটি দুই লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ের বৈঠকে ঈদের আগেই দৌলতদিয়া ঘাট এলাকার সড়কগুলো দ্রুত মেরামতের অনুরোধ জানিয়েছি।
সওজের রাজবাড়ীর উপবিভাগীয় প্রকৌশলী বিমল কুমার সন্ন্যাসী বলেন, ‘সাধারণত মহাসড়কগুলো ১২০ টন বা তার চেয়ে কম ওজনসম্পন্ন গাড়ি চলাচলের উপযোগী করে বানানো হয়। কিন্তু আমাদের দেশে তিন হাজার টন বা তার চেয়ে বেশি ওজন নিয়ে যানবাহন চলাচল করে। এ কারণে সড়কগুলো সহজেই নাজুক হয়ে পড়ে। তার ওপর এ বছর টানা বৃষ্টিতে সড়কগুলোর কার্পেটিং উঠে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব সমস্যা ঈদের আগেই মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।’