মহাসড়কে অটোরিকশা চান না পরিবহন-মালিক শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবহন মালিক ও শ্রমিকরাও মহাসড়কে অটোরিকশা বন্ধের পক্ষে। জাতীয় মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচলে সরকারের নিষেধাজ্ঞার প্রতি আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা বলেন, তাঁরা এই নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন ঐক্য পরিষদের আহ্বায়ক খন্দকার এনায়েত উল্লাহ। তিনি বলেন, নিষেধাজ্ঞা বহালের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মহাসড়কে দুর্ঘটনা ২০-২৫ শতাংশ কমে আসবে। এ ছাড়া মহাসড়কে দ্রুত ও ধীর গতির যানবাহন পাশাপাশি চলার কারণে দিন দিন দুর্ঘটনা বাড়ছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সরকারের এই নিষেধাজ্ঞার ফলে অটোরিকশা শ্রমিকেরা তাদের জীবন-জীবিকা বিপন্ন হওয়ার যে দাবি করেছেন তা যৌক্তিক নয়। যেসব সড়কে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা দেশের মোট সড়কের মাত্র ১.৪ শতাংশ। বাকি সব সড়কেই তো এসব অটোরিকশা চলাচল করতে পারছে।
এ ছাড়া পরিষদ ফিটনেসবিহীন যান ও অবৈধ ড্রাইভিং লাইসেন্স জব্দ করার প্রতিও তাঁদের সমর্থন আছে বলে জানান।