মহাসড়কে আবর্জনার স্তূপ যানজট, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের ওপর আবর্জনার স্তূপ l প্রথম আলো
মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের ওপর আবর্জনার স্তূপ l প্রথম আলো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড ও মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আবারও সড়কের ওপর আবর্জনা ফেলে স্তূপ করা হচ্ছে। এতে সড়ক সরু হয়ে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে ও যানজটের সৃষ্টি হচ্ছে। দুর্গন্ধে পরিবেশ নষ্ট হচ্ছে। এ কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকাবাসী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড ও মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এক বছর ধরে স্থানীয় বিভিন্ন কাঁচাবাজার থেকে আবর্জনা ফেলা হচ্ছে। গ্রামবাসীও এসব জায়গায় আবর্জনা ফেলছেন। এতে দুই জায়গায় সব সময়ই আবর্জনার স্তূপ পড়ে থাকছে। স্থানীয় লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সোনারগাঁ উপজেলা প্রশাসন গত মার্চে মহাসড়কের ওপর থেকে ময়লা-আবর্জনার স্তূপ অপসারণ করে। সে সময় তারা সড়কের ওপর সব ধরনের ময়লা-আবর্জনা ফেলার ওপর নিষেধাজ্ঞা দিয়ে মাইকিং করে। এরপর এক মাস বন্ধ থাকার পর মে মাস থেকে সড়কের ওপর আবারও ময়লা-আবর্জনা ফেলা শুরু হয়। ওই সব স্থানে আবর্জনার স্তূপ জমে মহাসড়ক সরু হয়ে গেছে। এ কারণে প্রতিদিন কাঁচপুর ও মোগরাপাড়া চৌরাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে। তা ছাড়া আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীদের নাকে রুমাল চেপে চলাচল করতে হচ্ছে।
কাঁচপুরের সেনপাড়া গ্রামের খাইরুল ইসলাম বলেন, ‘মহাসড়কের যারা ময়লা ফেলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সওজ কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনকে প্রতিদিনই অনুরোধ করছি। কিন্তু তারা কোনো কথা শুনছে না।’
কাঁচপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল হক বলেন, মহাসড়কের ওপর আবর্জনা ফেলায় মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিকল্প জায়গা না থাকা এবং সচেতনতার অভাবে এ ঘটনা ঘটছে। তবে সওজের কর্মকর্তাদের তদারকি না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
ওই পথে চলাচলকারী দোয়েল পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক গোলজার হোসেন বলেন, মহাসড়কে আবর্জনা ফেলার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে।
নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রোশনী-এ-ফাতিমা বলেন, ‘আমরা কয়েকবার আবর্জনা অপসারণ করেছি। তারপরও এসব থেমে নেই। মহাসড়ক থেকে অবশ্যই আবর্জনার স্তূপ সরানো হবে।’