মহাসড়কে আলু ঢেলে চাষিদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাম না পাওয়ার ক্ষোভে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চাষিরা গতকাল বুধবার সকালে কয়েক শ বস্তা আলু ঢেলে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করেন। আলুর ন্যায্য মূল্যের দাবিতে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন।
আলু চাষি সংগ্রাম পরিষদের ব্যানারে পৌর শহরের পুরাতন শহীদ মিনার মোড়ে গতকাল বেলা ১১টায় শতাধিক চাষি রাস্তায় আলু ঢেলে দিয়ে প্রতিবাদ জানান। তাঁরা রাস্তায় আলু ঢেলে তার ওপর শুয়ে পড়ে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় আলু চাষি সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. ফারুক হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন, পরিষদের সদস্য মনজুরুল ইসলাম, আলুচাষি মো. আলীমুদ্দিন, মো. রফিকুল ইসলাম, মো. আবদুস সালাম, মো. আবদুর রশিদ প্রমুখ।
আলুচাষি বীরগঞ্জ উপজেলার সাদুল্যাপুর গ্রামের আব্দুস সালাম জানান, একটি বেসরকারি সংস্থার কাছে ধার নিয়ে ৪০ হাজার টাকায় তিনি দুই বিঘা জমিতে আলু চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। কিন্তু পাইকারি বাজারে বা আড়তে আলু কেনার কেউ নেই। বাজারে এক টাকা ২০ পয়সা কেজি দরে আলু বিক্রি হচ্ছে।
নিজপাড়া গ্রামের ফারুক হোসেন নামে এক আলুচাষি ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি দুই বিঘা জমিতে আলু চাষ করেছেন। ৩০০ মণ আলু হয়েছে। একটা চটের বস্তার দাম ৬০ টাকা। নয় হাজার টাকা দিয়ে ১৫০টি বস্তা কিনে আলুগুলো রেখেছেন। কিন্তু কোনো ক্রেতা নেই।
কৃষকেরা জানান, আলু আবাদ করে কোটি কোটি টাকা লোকসান থেকে বাঁচতে পাঁচ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু জাফরের কাছে তাঁরা সঞ্চারকলিপি দিয়েছেন।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু জাফর জানান, কৃষকেরা আলু চাষি সংগ্রাম কমিটি গঠন করেছেন। আলুর দাম না পাওয়ায় মহাসড়ক অবরোধ করেন। স্মারকলিপিতে সরকারের কাছে আলুর ন্যায্য দাম নিশ্চিত করার দাবি করেছেন।
কৃষি অফিস থেকে জানা যায়, উপজেলায় ছয় হাজার ৬২০ হেক্টর জমি থেকে এক লাখ ৩০ হাজার ১৪৫ মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু কৃষকেরা ১০ হাজার ১২০ হেক্টর জমিতে আলু চাষ করেছেন।
দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৪২ হাজার ৪৭৪ হেক্টর জমিতে আলু চাষ
হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আট লাখ ৪৭ হাজার ৩৪৬ মেট্রিক টন।
অধিদপ্তরের উপপরিচালক মো. আনোয়ারুল আলম জানান, সারা দেশে আলুর বাম্পার ফলন হয়েছে। দাম নিশ্চিত করতে হলে জরুরি ভিত্তিতে বিদেশে আলু রপ্তানির উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।