মহাসড়কে আলু ফেলে চাষিদের অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাম না পাওয়ায় ক্ষুব্ধ জয়পুরহাটের আলুচাষিরা গতকাল বুধবার জয়পুরহাট-বগুড়া মহাসড়কে আলু ঢেলে অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আলুর ন্যায্য দামের দাবিতে জেলার ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকায় চার শতাধিক আলুচাষি ঘণ্টাব্যাপী এ অবরোধ কর্মসূচিতে অংশ নেন।
আলুচাষি সংগ্রাম পরিষদের ব্যানারে বেলা ১১টা ১০ মিনিট থেকে কর্মসূচি চলাকালে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আলুর ন্যায্য মূল্যের দাবিতে বটতলীর মোড়ে তাঁরা এক সমাবেশ করেন। এতে বক্তব্য দেন পরিষদের আহ্বায়ক শাহজামান তালুকদার, চাষি তাজিম উদ্দিন, সিদ্দিকুর রহমান, রফিকুল ইসলাম, সুলতান মাহমুদ প্রমুখ।
ক্ষতিগ্রস্ত আলুচাষিদের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন বাসদ নেতা কৃষিবিদ ওবায়দুল্লাহ মুসা। পরে আলুসহ কৃষি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা ও সরকারি উদ্যোগে হিমাগার নির্মাণের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষিমন্ত্রীর কাছে সঞ্চারকলিপি দেয় জয়পুরহাট সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা কমিটি।
কর্মসূচিতে অংশ নেওয়া জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, তিনি এবার তিন বিঘা জমিতে গ্রানুলা ও ব্যানেলা জাতের সাদা আলু চাষ করেছেন। এতে তাঁর খরচ হয় ৩৩ হাজার টাকা। প্রতি বিঘায় উৎপাদন হয়েছে ৫০ থেকে ৬০ মণ আলু। বর্তমানে স্থানীয় বাজারে এ আলু মণ প্রতি ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। এতে প্রতি বিঘায় পাওয়া যাচ্ছে আড়াই থেকে তিন হাজার টাকা। বিঘা প্রতি আট থেকে নয় হাজার টাকা লোকসান।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল আনোয়ারুল ইসলাম বলেন, মহাসড়কে কৃষকেরা আলু ঢেলে অবরোধ করলে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে ঘণ্টা খানেক পর তাঁরা অবরোধ তুলে নেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় চলতি মৌসুমে ৩৯ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত লাখ ২৫ হাজার ১৪৫ মেট্রিক টন।