মহাসড়কে আলু ফেলে চাষিদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাম কম ও ক্রেতা না থাকায় রংপুর অঞ্চলের হিমাগারগুলো থেকে কৃষক ও ব্যবসায়ীরা এখন পর্যন্ত গত বছরের আলু তোলেননি। এ বছর হিমাগারের মালিকেরা নতুন করে আলু না রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ন্যায্য মূল্যের দাবিতে রংপুরের চাষিরা গতকাল বুধবার মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ করেছেন।
রংপুরের শ্যামপুর হিমাগারের ব্যবস্থাপক আলী হায়দার বলেন, দাম ও ক্রেতা না থাকায় গত মৌসুমের আলু এখন পর্যন্ত বিক্রি করা সম্ভব হয়নি। ফলে হিমাগারে জায়গা নেই। এ কারণে কর্তৃপক্ষ এ বছর আলু না রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি মাইকিং করে কৃষকদের জানিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ হিমাগার অ্যাসোসিয়েশনের সদস্য এবং শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) পরিচালক মোস্তফা আজাদ চৌধুরী বলেন, রংপুর অঞ্চলে ৩৩টি হিমাগারের ধারণক্ষমতা ১৫ লাখ মেট্রিক টন। এখন পর্যন্ত গত মৌসুমেরই ১০ লাখ মেট্রিক টন আলু হিমাগারগুলোতে মজুদ রয়েছে। দাম কম হওয়ায় তুলছেন না চাষি ও ব্যবসায়ীরা। হিমাগার ভাড়া ও আগাম ঋণ বাবদ মালিকদের প্রায় ২০ কোটি টাকা পাওনা আটকে আছে। এ কারণে এ বছর আগাম ঋণ সুবিধা দিয়ে হিমাগার মালিকদের পক্ষে আলু রাখা সম্ভব হচ্ছে না।
ন্যায্য মূল্যের দাবিতে চাষিরা গতকাল রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের সাতমাথায় প্রায় ৩০ বস্তা আলু ফেলে সেখানেই বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় বক্তব্য দেন কৃষক এমদাদুল হক, দেলোয়ার হোসেন, কফিল উদ্দিন, শফিকুর রহমান প্রমুখ।
কৃষকদের সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য দেন ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের আনোয়ার হোসেন, পলাশ কান্তি নাগ। বিক্ষোভ চলাকালে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কে এক ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।
বক্তারা বলেন, উৎপাদিত আলু নিয়ে রংপুরের চাষিরা বিপাকে পড়েছেন। আলু আবাদ করে এখন মোটা অঙ্কের লোকসান গুনতে হচ্ছে। প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে পাঁচ থেকে ছয় টাকা। সেই আলু বিক্রি করতে হচ্ছে এক থেকে দেড় টাকায়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর কার্যালয় থেকে জানা যায়, চলতি মৌসুমে রংপুরে ৫২ হাজার হেক্টর একর জমিতে আলু চাষ করা হয়। এতে উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে ১০ লাখ ৪০ হাজার মেট্রিক টন।