মহাসড়কে আলুর হাট যানজটে অতিষ্ঠ মানুষ
জয়পুরহাট-ঢাকা মহাসড়কের কালাই উপজেলার পুনট বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় মহাসড়কের ওপর আলুর হাট বসানো হচ্ছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। হাটের কারণে জয়পুরহাট-ঢাকা, জয়পুরহাট-বগুড়া, জয়পুরহাট-নাটোর-পাবনাসহ বিভিন্ন পথে চলাচলকারী যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, মহাসড়কের ওপর আলু কেনাবেচা করায় ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত বহু বাস, ট্রাক, মাইক্রোবাস অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে। আলুবোঝাই ভ্যান ও ভটভটি মহাসড়কের ওপর রেখে কেনাবেচা চলছে। স্থানীয়রা জানান, আলু মৌসুমের অন্তত দুই মাস সপ্তাহে সোম ও বৃহস্পতিবার এ হাট বসছে। মহাসড়কের ওপর ট্রাক রেখে তাতে আলুবোঝাই করায় এখানে যানজটের সৃষ্টি হচ্ছে। হিলি স্থলবন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকও এখানকার যানজটে আটকা পড়ায় পণ্য পরিবহন দারুণভাবে ব্যাহত হচ্ছে। হাটে আলু কিনতে আসা পাইকার আবদুর রহমান ব্যাপারী বলেন, ‘আলু বেচাকেনার জন্য বিখ্যাত এই পুনট হাটে প্রতিবছর বিভিন্ন জেলা থেকে পাইকারি ক্রেতারা আলু কিনতে আসেন। অথচ এ হাটে পর্যাপ্ত জায়গা নেই। মহাসড়কের ওপর আলুর হাট বসায় আলু কিনে রাস্তার ওপরই ট্রাক তুলতে হচ্ছে।’ পাঁচবিবির ব্যবসায়ী অমর চাঁদ গুপ্ত বলেন, ‘এ হাটের কারণে দুই ঘণ্টা যানজটে আটকা পড়েছি।’ বাসচালক খোকন মিয়া বলেন, ‘আলু মৌসুম এলেই মহাসড়কে আলুর হাট বসার কারণে এ পথে বাস চালাতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়। হাটের কারণে যানজটে পড়ে ঘণ্টার পর ঘণ্টা ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে।’ মহাসড়কের ওপর ট্রাক থামিয়ে তাতে আলুবোঝাই করার ব্যাপারে ট্রাকচালক কার্ত্তিক দাস বলেন, ‘মহাজন আলু কিনে মহাসড়কের ওপরই স্তূপ করে রেখেছেন। বস্তাভর্তি করার পর তা ট্রাকে তোলা হচ্ছে। হাটের নির্দিষ্ট জায়গায় আলুর স্তূপ করা হলে সেখান থেকে আলুবোঝাই করতে আমাদের আপত্তি নেই।’ পুনট হাটের ইজারাদার ও যুবলীগ নেতা মোহাব্বত আলী বলেন, ‘হাটে পর্যাপ্ত জায়গা না থাকায় আলু কেনাবেচার জন্য প্রতি মৌসুমে আলাদা জায়গার ব্যবস্থা করা হয়। কিন্তু ক্রেতা-বিক্রেতারা ওই জায়গায় আলু কেনাবেচা না করে মহাসড়কের ওপর আলু কেনাবেচা করেন। ফলে আলু মৌসুমের কোনো কোনো দিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, ‘পুনট আলুর হাটের কারণে সৃষ্ট যানজট সমস্যা নিরসনে উপজেলা পরিষদ থেকে হাটের জায়গা সম্প্রসারণ করার একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছিল। সর্বশেষ আলুর হাট বসানোর জায়গার বিষয়টি মাথায় রেখে ইউনিয়ন প্রাণিসম্পদ কার্যালয়ের সামনের জায়গাটিতে মাটি ভরাট করা হয়। কিন্তু ক্রেতা-বিক্রেতাদের অসচেতনতার কারণে মহাসড়ক থেকে আলুর হাটটি সরানো সম্ভব হচ্ছে না।’