মহাসড়কে ওজন পরিমাপক যন্ত্রে যানজট, পরে অপসারণ
ঢাকা-সিলেট মহাসড়কে ওভারলোড নিয়ন্ত্রণকেন্দ্র (পোর্টেবল ওয়ে ব্রিজ বা ওজন পরিমাপকযন্ত্র) স্থাপন করে অতিরিক্ত পণ্যবাহী ট্রাক ফিরিয়ে দেওয়ায় গতকাল শনিবার বেলা ১১টা থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা।এ সড়ক দিয়ে যখন অতিরিক্ত পাথরবোঝাই ট্রাকগুলো অতিক্রম করতে পারছিল না, ঠিক তখন চালকেরা মহাসড়কে এলোপাতাড়ি ট্রাক রেখে হাওয়া হয়ে যান। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের জগদীশপুর এলাকার দুই প্রান্তে প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। যানজটের মাত্রা বাড়তে থাকলে হবিগঞ্জ সদর আসনের সাংসদ মো. আবু জাহিরও ঘটনাস্থলে যান। তিনি গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ওজন পরিমাপক-যন্ত্রটি মহাসড়ক থেকে উঠিয়ে নেওয়ার নির্দেশ দেন। পরে এ নির্দেশ পালন করে সড়ক ও জনপথ অধিদপ্তর। বিকেল পাঁচটার পর এ মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গত বৃহস্পতিবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুরা নামক জায়গায় ওভারলোড নিয়ন্ত্রণকেন্দ্রের উদ্বোধন করেন। শুক্রবার সকাল থেকে ওই কেন্দ্রে যন্ত্র দিয়ে পণ্যবাহী ট্রাকগুলোর ওজন মাপা শুরু হয়। বিআরটিএর কর্মকর্তারা জানান, ভৈরব সেতু ও কুমিল্লার দাউদকান্দি এলাকায় দুটি ঝুঁকিপূর্ণ সেতু রক্ষায় ওই যন্ত্রটি বসানো হয়। ৮ জানুয়ারি পর্যন্ত পণ্যবাহী ট্রাকগুলোকে ওজন মেপে ছাড়ার সিদ্ধান্ত হয়।সরেজমিনে গতকাল বেলা একটায় ওই যন্ত্রের কাছে গিয়ে দেখা যায়, ট্রাকচালকেরা প্রতিবাদস্বরূপ ওজন মাপার যন্ত্রে ট্রাক ওঠানো থেকে বিরত রয়েছেন।