মহাসড়কে কাঁচাবাজার বাড়িয়েছে দুর্ভোগ, ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে শেরুয়া বটতলায় মহাসড়ক ঘেঁষে বসা কাঁচাবাজারটির কারণে ঝুঁকি ও দুর্ভোগ দুই–ই ​বেড়েছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
বগুড়ার শেরপুরে শেরুয়া বটতলায় মহাসড়ক ঘেঁষে বসা কাঁচাবাজারটির কারণে ঝুঁকি ও দুর্ভোগ দুই–ই ​বেড়েছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক ঘেঁষে শেরুয়া বটতলার কাঁচাবাজারটি যানজট ও পথচারীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাড়িয়ে দিয়েছে জীবনের ঝুঁকিও। সরকারি তালিকাভুক্ত না হওয়া সত্ত্বেও প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত বসে এই বাজার।
সরেজমিনে গত রোববার বিকেলে দেখা যায়, উত্তর-দক্ষিণ প্রায় ছয়-সাত শ ফুট লম্বা মহাসড়কের পশ্চিম পাশ ঘেঁষে বাজারটি গড়ে উঠেছে। বাজারে কাঁচামালসহ বিভিন্ন ধরনের শতাধিক দোকান রয়েছে। এসব দোকান বাজার ছেড়ে উপচে উঠে এসেছে মহাসড়কের ওপর। আর এই বাজারের পাশ দিয়েই চলাচল করছে ঢাকা-উত্তরবঙ্গের দূরপাল্লার যানবাহন।
বাজারের কাঁচামাল ব্যবসায়ী শুকুর আলী বলেন, এই বাজারে খাজনা দিতে হয় না। এ জন্য বাজারে দিন দিন দোকান বেড়েই চলেছে।
মহাসড়ক–সংলগ্ন পান-সুপারির দোকান দিয়ে বসা রুবেল বলেন, অনেক সময় দোকান ঘেঁষে বড় বড় গাড়ি চলে যায়। এ সময় ভয়ও লাগে। কিন্তু বাজারের ভেতরে কোনো জায়গা নেই। এ জন্য মহাসড়কের পাশ ঘেঁষে তিনি দোকান দিতে বাধ্য হয়েছেন।
বগুড়ার সওজ উপবিভাগীয় প্রকৌশলী কামরুল হাসান বলেন, এই বাজারের কিছু অংশ মহাসড়কের জায়গায় বসে। শেরপুর উপজেলায় মহাসড়ক এলাকা থেকে সব অবৈধ স্থাপনা উচ্ছেদে সওজ কর্তৃপক্ষ এরই মধ্যে জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে বলে জানা গেছে।
ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের হাট-বাজারের তালিকায় এই বাজারটি অন্তর্ভুক্ত নয়। এ বাজার থেকে কোনো রাজস্ব আদায়ও হয় না।
উপজেলা মোটর শ্রমিক সংগঠনের যুগ্ম সম্পাদক মতিউর রহমান বলেন, গত পাঁচ-ছয় বছরে ওই বাজার এলাকায় ছোট-বড় মিলিয়ে কমপক্ষে ৫০টির দূরপাল্লার যান দুর্ঘটনার কবলে পড়েছে। এ অবস্থায় স্থানীয় প্রশাসনকে তাঁরা বহুবার এ বাজার অন্যত্র সরিয়ে নিতে অনুরোধ করেছেন।
সংশ্লিষ্ট বাজার এলাকার উপজেলার শাহবন্দেগী ইউপি চেয়ারম্যান আবদুর রহমান স্বীকার করেন, প্রায় ১০ বছর আগে বাজারটি গড়ে ওঠে। প্রতিদিন দুপুরে এ বাজার শুরু হয়ে চলে রাত নয়টা পর্যন্ত। তিনি বলেন, এই বাজারটি তাঁর ইউনিয়ন ভবানীপুর সড়কের দুই পাশে ছিল। বাজারে দোকান বেড়ে যাওয়ায় এর অনেকগুলো মহাসড়কের একেবারে গা ঘেঁষে এসে দাঁড়িয়েছে। এ বাজারে আশপাশের ১০–১২ গ্রামের মানুষ কেনাকাটা করে।
ইউএনও এ কে এম সরোয়ার জাহান বলেন, প্রায় দুই বছর আগেও এই বাজারটি মহাসড়কের পাশে থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এখন বাজারটি অপসারণে তিনি আবারও প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।