মহাসড়কে গণডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটের কাছে রসুলপুর এলাকায় গতকাল বুধবার ভোরে কমপক্ষে ১০টি নৈশকোচে গণডাকাতি হয়েছে। ডাকাতেরা যাত্রীদের কাছ থেকে টাকা, মুঠোফোন, স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাফপ্যান্ট পরা ১৫-২০ জনের ডাকাত দল রাত তিনটার দিকে গাইবান্ধার সাদুল্যাপুর ও রংপুরের পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী রসুলপুর এলাকায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এরপর তারা এক ঘণ্টায় রংপুরগামী দুর্বার পরিবহন, এসআর পরিবহন ও জবা পরিবহনসহ ১০টি নৈশকোচে ডাকাতি করে চলে যায়।ডাকাতির সময় পুলিশ না আসায় কোচের চালক, হেলপার ও যাত্রীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা মহাসড়ক থেকে গাছের গুঁড়ি সরাতে পুলিশকে বাধা দেন এবং মহাসড়কে দাঁড়িয়ে অবরোধ সৃষ্টি করেন। ফলে ভোর তিনটা থেকে সকাল সাতটা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে। রংপুরের পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম পাঁচটি কোচ ও ট্রাকে ডাকাতির কথা স্বীকার করে বলেন, এ নিয়ে উপপরিদর্শক জয়নাল আবেদীন বাদী হয়ে থানায় মামলা করেছেন।