মহাসড়কে গণডাকাতি প্রতিবাদে অবরোধ
বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল নামক স্থানে বুধবার রাতে গণডাকাতি হয়েছে। ডাকাতদল নৈশকোচ ও অন্যান্য পরিবহনের গতিরোধ করে, যাত্রী ও চালকদের মারপিট করে এবং ব্যাপক লুটপাট চালায়। ১১টি পরিবহনে প্রায় ৩০ মিনিট ধরে ডাকাতির ঘটনা ঘটে বলে চালকেরা জানিয়েছেন।ঘটনার প্রতিবাদে পরিবহনের চালকেরা বিক্ষুব্ধ হয়ে ওই সময় মহাসড়ক অবরোধ করেন। পরে থানা ও হাইওয়ে পুলিশ সেখানে পৌঁছে অবরোধ সরিয়ে নেয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ সময় ধরে ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। অথচ চালকেরা যখন ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন, ওই সময় পুলিশ এসে তাঁদের হটিয়ে দেওয়ার চেষ্টা করে।এলাকাবাসী জানায়, ওই সড়কের রহবল বাজারের কাছে হাজিপাড়া মোড়ে ১৫ থেকে ২০ জনের সশস্ত্র ডাকাতদল সড়কের পাশের একটি কড়ইগাছ কেটে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এরপর মহাসড়কে চলাচলরত পরিবহন আটকিয়ে ডাকাতি করে। এ সময় ডাকাতদল অন্যান্য পরিবহন থেকে লক্ষাধিক টাকা, মুঠোফোন সেটসহ বিভিন্ন মালামাল লুট করে। পরে প্রতিবন্ধকতার কারণে বাসের সংখ্যা বাড়তে থাকলে ডাকাতদল পাশের কলাখেতের মধ্য দিয়ে অবাধে চলে যায়।রহবল বন্দর বণিক সমিতির কোষাধ্যক্ষ আহসান হাবিব জানান, বুধবার রাতে তাঁরা রহবল বাজার পাহারার দায়িত্ব পালন করছিলেন। রাত আড়াইটার দিকে বাজার থেকে সামান্য দূরে মহাসড়কে হইচই শুনে তাঁরা এগিয়ে যান। পরে জানতে পারেন ডাকাতি করে ডাকাতদল চলে গেছে।এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘মহাসড়কের পাশ থেকে গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে শুনেছি। তবে ডাকাতির ঘটনা ঘটেছে কি না, তা ঘটনাস্থলে না গেলে বলা যাচ্ছে না।’হাইওয়ে পুলিশের ওসি দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে একটি গাছ পড়ে ছিল। তবে ডাকাতির অভিযোগ তাদের কাছে কেউ করেনি।