মহাসড়কে গতিরোধক আর লোকাল গাড়ি নিয়ে চিন্তা
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের অবস্থা গতবারের তুলনায় ভালো হলেও এবারও ঈদে ঘরমুখী মানুষ যানজটে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মহাসড়কের টাঙ্গাইল অংশে ‘অপরিকল্পিত’ গতিরোধক এবং দূরপাল্লার পথে যাত্রা করা ফিটনেসহীন লোকাল গাড়ি বিকল হয়ে যানজটের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।পুলিশ, সড়ক বিভাগ, যাত্রী ও পরিবহন-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবছর ঈদের ছুটি শুরু হওয়ার পর ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী এ সড়কে যানবাহন চলাচলের সংখ্যা বেড়ে যায় অনেক গুণ।বঙ্গবন্ধু সেতুর টোল কার্যালয় সূত্র জানায়, অন্য সময় যেখানে প্রতিদিন বঙ্গবন্ধু সেতু হয়ে আট থেকে নয় হাজার যানবাহন চলাচল করে। সেখানে ঈদের সময় যানবাহন পারাপারের সংখ্যা দাঁড়ায় ২০ থেকে ২২ হাজার। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দুই লেনের এ মহাসড়কে এ সময় মাত্রাতিরিক্ত যানবাহন চলার কারণে স্বাভাবিকভাবেই গাড়ি খুব ধীর গতিতে চালাতে হয়। এতে তিন ঘণ্টার পথ পেরোতে সাত-আট ঘণ্টা লেগে যায়। এর মধ্যে যন্ত্রণার বিষয় হয়ে দাঁড়িয়েছে ‘অপরিকল্পিত’ গতিরোধক। এ মহাসড়কের টাঙ্গাইল অংশে মির্জাপুরের গোড়াই থেকে এলেঙ্গা পর্যন্ত ৪৫ কিলোমিটার সড়কে ৩০টি গতিরোধক রয়েছে।টাঙ্গাইল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর লুৎফর রহমান বলেন, ‘অপরিকল্পিত এসব গতিরোধক “গোদের উপর বিষফোঁড়া” হয়ে দাঁড়িয়েছে। এগুলো অতিক্রম করতে সময় অনেক বেশি লাগে। ফলে সাধারণ সময়ই যানজট লেগে যায়।’ তিনি বলেন, ‘ঈদের সময় অতিরিক্ত যানবাহন চলবে, তখন এসব গতিরোধক বড় সমস্যা হয়ে দেখা দেবে।’ টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শওকত আলী বলেন, ‘ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশের সম্পূর্ণ সংস্কার করা হয়েছে। বৃষ্টিতে ক্ষতি হলেও তাৎক্ষণিকভাবে মেরামতের প্রস্তুতি রয়েছে। কিন্তু গতিরোধকগুলো যানজটের কারণ হয়ে দেখা দেবে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।’ যানজটের আরেকটি কারণ মহাসড়কে গাড়ি বিকল হয়ে যাওয়া। টাঙ্গাইলের বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ গত কয়েক বছর ঈদের ছুটির সময় এ মহাসড়কে দায়িত্ব পালন করেছেন। সেই অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, প্রতিবছর অনেক যাত্রী কম খরচে বাড়ি যাওয়ার জন্য লোকাল গাড়ি ভাড়া করে দূরপাল্লার গন্তব্যে রওনা হন। দূরপাল্লার রাস্তায় চলাচলের অনুপযোগী এসব যানবাহন প্রায়ই মহাসড়কে বিকল হয়ে যায়। এতে দুই পাশে দীর্ঘ যানজট লেগে যায়। তিনি জানান, গত বছর ঈদের আগের দিন ২২টি গাড়ি বিকল হয়ে গিয়েছিল। টাঙ্গাইলের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার জানান, ঈদে মানুষের ঘরে ফেরার পথ যানজটমুক্ত রাখতে পুলিশ বিভাগ ব্যাপক পরিকল্পনা নিয়েছে। মির্জাপুরের গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৬০ কিলোমিটার সড়ককে ১২টি অঞ্চলে ভাগ করে পুলিশ দায়িত্ব পালন করবে। প্রতি অঞ্চলের দায়িত্বে থাকবেন পরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা। তাঁর অধীনে প্রতি অঞ্চলে চারটি মোটরসাইকেলে দায়িত্ব পালন করবেন উপপরিদর্শক ও কনস্টেবলরা। তিনি বলেন, ‘মহাসড়ক যানজটমুক্ত রাখতে জেলার পুরো পুলিশ বাহিনী তিন পালায় ২৪ ঘণ্টা মাঠে থাকবে।’ এ ছাড়া বিকল হয়ে যাওয়া গাড়ি দ্রুত সরিয়ে ফেলার জন্য চারটি পয়েন্টে চারটি রেকার প্রস্তুত রাখা হবে।