মহাসড়কে গতিরোধক নেই, ঝুঁকিতে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের গতিরোধকগুলো তুলে ফেলা হয়েছে। এতে ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের চারটি ফটকের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রধান ফটক ও প্রান্তিক ফটকটি। মহাসড়কসংলগ্ন এই দুটি ফটক ব্যবহার করেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়া করেন। এর মধ্যে প্রধান ফটকের সামনে সড়ক পারাপারের জন্য একটি ফুটওভারব্রিজ (পদচারী-সেতু) রয়েছে। কিন্তু প্রান্তিক ফটকের সামনে পদচারী-সেতু নেই। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে হেঁটে সড়ক পার হতে হয়। কিন্তু এর মধ্যে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ফটকসংলগ্ন মহাসড়কের গতিরোধকগুলো তুলে ফেলা হয়। এতে সড়ক পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
প্রত্নতত্ত্ব বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তৌসিফ আহমেদ বলেন, প্রতিদিন ক্লাস শেষে বেলা একটা থেকে দুইটার মধ্যে অসংখ্য শিক্ষার্থী বাসের জন্য প্রধান ফটকসংলগ্ন মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকেন। কিন্তু গতিরোধক না থাকায় গাড়িগুলো দ্রুতগতিতে চলে। ফলে শিক্ষার্থীদের মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকাও ঝুঁকিপূর্ণ।
উপাচার্য ফারজানা ইসলাম বলেন, ‘আমরা সড়ক ও জনপথ অধিদপ্তরে যোগাযোগ করেছি।’ গত সোমবার বিকেলে সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা জোন) মো. আবদুস সালাম বলেন, এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে গতিরোধকগুলো বসিয়ে দেওয়ার কথা।