মহাসড়কে চাঁদা নিচ্ছে সংগঠন-নেতা-পুলিশ
ঈদের আগে সারা দেশের সড়ক-মহাসড়কে চাঁদাবাজি চলছে। পরিবহন মালিক ও চালকেরা অভিযোগ করেছেন, মহাসড়কের পথে পথে চাঁদা দিতে হচ্ছে। পরিবহনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশের নামে এসব চাঁদা তোলা হচ্ছে।অভিযোগ উঠেছে, হঠাৎ করে ঈদের আগে মহাসড়কের বিভিন্ন স্থানে নিরাপত্তা তল্লাশি ও যানবাহনের ফিটনেস সনদ পরীক্ষার নামেও চাঁদা আদায়ের নতুন কৌশল নিয়েছে হাইওয়ে পুলিশ। চাঁদা আদায়ের দায়ে কয়েকটি এলাকায় হাইওয়ে পুলিশের সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।পরিবহন চালকেরা অভিযোগ করেছেন, ঈদ যত কাছে আসছে, চাঁদার অঙ্কের পরিমাণ তত বাড়ছে। একই সঙ্গে মহাসড়কে চাঁদা আদায়ের স্থান হিসেবে প্রতিদিনই নতুন এলাকার নাম যুক্ত হচ্ছে। সড়ক-মহাসড়কে জোর করে চাঁদা আদায়ের সরেজমিন চিত্র তুলে ধরেছেন আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে প্রকাশ্যে চাঁদাবাজি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে প্রকাশ্যেই চাঁদা তোলা হচ্ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনের লোকজন মোটরসাইকেল ও প্রাইভেট কার ছাড়া সব ধরনের গণপরিবহন থেকে ৬০ থেকে ৭০ টাকা করে চাঁদা তুলছে।সরেজমিনে দেখা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ১০-১২ জন হাতে লাঠি নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে। তারা নিজেদের ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন ওরফে হোসেন চেয়ারম্যানের লোক পরিচয় দিয়ে চাঁদা তুলছে।সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক খাইরুল আলম বলেন, ঢাকা থেকে পূর্বাঞ্চলের বিভিন্ন পথে যত গাড়ি চলাচল করে, শিমরাইলে প্রতিটি গাড়ি থেকেই ৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। কোনো গাড়ির চালক চাঁদা না দিলে তাঁকে মারধর, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা, গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলাসহ বিভিন্নভাবে হয়রানি করা হয়। তিনি বলেন, আগামী ৯ আগস্ট যোগাযোগ মন্ত্রণালয়ের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। প্রশাসন এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলে ঈদের আগে অনির্দিষ্টকালের জন্য ওই পথে ধর্মঘট ডাকা হবে।নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন বলেন, ‘সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় যানজটমুক্ত রাখতে প্রতিদিন ৩০-৪০ জন শ্রমিক কাজ করেন। তাঁরা গাড়ির চালক ও সহকারী। তাঁরা টাকা তুলে নিজেদের মধ্যে ভাগ করে নেন। আমি কোনো পরিবহন থেকে তোলা চাঁদা নিই না।’পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, মহাসড়কের শিমরাইল মোড়ে কাউকে চাঁদা তুলতে দেওয়া হচ্ছে না।গাজীপুরে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি: পরিবহনশ্রমিকেরা অভিযোগ করেছেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কের ভোগড়া মোড়, চান্দনা চৌরাস্তা, টঙ্গী স্টেশন রোড এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় হাইওয়ে পুলিশকে নিয়মিত চাঁদা দিতে হচ্ছে।গাজীপুরের হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আকবর আলী বলেন, চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে গত সপ্তাহে শ্রীপুর হাইওয়ে পুলিশের ১০-১২ জন সদস্যকে বদলি করা হয়েছে।বগুড়ায় পরিবহনশ্রমিকদের চাঁদা আদায়: বগুড়ার ওপর দিয়ে চলাচল করা দূরপাল্লার বাস থেকে সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছেন পরিবহনশ্রমিকেরা।এর মধ্যে জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর ও কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাতায়াত করা প্রতিটি বাস থেকে ১১০ টাকা চাঁদা তোলা হচ্ছে।রাজশাহী থেকে রংপুর ও টাঙ্গাইল থেকে দিনাজপুরের অভিমুখী বাস চারমাথা এলাকায় ঢুকলেই এত দিন ৫০ টাকা চাঁদা নেওয়া হতো। এখন নেওয়া হচ্ছে ৭০ থেকে ১০০ টাকা। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ মণ্ডল বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে সংগঠনের জন্য তাঁরা প্রতি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা তোলেন। এ চাঁদা বৈধ বলে দাবি করেন তিনি।তাহলে ১১০ টাকা করে চাঁদা তোলা হচ্ছে কেন—এমন প্রশ্নের জবাবে আবদুল লতিফ বলেন, ৩০ টাকা শ্রমিকদের কল্যাণের জন্য, পৌরসভার জন্য ১০ টাকা, মালিক সমিতির জন্য ৫০ টাকা, অন্যান্য খাতে ২০ টাকা। বগুড়ার হাইওয়ে পুলিশ সুপার ইসরাইল হাওলাদার বলেন, মালিক ও শ্রমিকেরা এই চাঁদা আদায় করছেন। যশোরে পথে পথে চাঁদা: মোটর শ্রমিক ইউনিয়নের নামে যশোরের বিভিন্ন এলাকা থেকে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। পুলিশ সুপার কামরুল আহসান বলেন, ‘আমিও দেখি, পথে পথে চাঁদা আদায় করা হচ্ছে। কিন্তু শ্রমিক ইউনিয়নের নেতারা যখন বলেন, এটি তাঁদের সংগঠনের সিদ্ধান্ত, তখন আমাদের কিছু করার থাকে না।’জেলা মোটর ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন বলেন, বেকার ও পঙ্গু শ্রমিকদের ঈদে সাহায্যের জন্য যানবাহনের চালকদের কাছ থেকে ৫০ টাকা করে নেওয়া হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশির নামে চাঁদাবাজি: নিরাপত্তা তল্লাশির নামে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বিভিন্ন স্থানে চাঁদা তোলা হচ্ছে।নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুব্রত কুমার হালদার বলেন, ‘চাঁদাবাজির কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব।’ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নীরব চাঁদাবাজি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা থেকে চৌদ্দগ্রাম উপজেলার মোহাম্মদ আলী এলাকা পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটারের মধ্যে ছয়টি স্থান থেকে চাঁদা তোলা হচ্ছে। ঈদকে কেন্দ্র করে পুলিশ রাতে পণ্যবাহী যানবাহন থেকে চাঁদা তুলছে বলে অভিযোগ করেছেন পরিবহন চালকেরা। বিশ্বরোড এলাকায় ছাত্রলীগের একজন নেতা চাঁদা তুলছেন বলে পরিবহন মালিক ও চালকেরা জানিয়েছেন।সিরাজগঞ্জে পুলিশের চাঁদাবাজি: ঢাকা-বগুড়া, বনপাড়া-হাটিকুমরুল এবং নগরবাড়ী-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জ অংশে বাস ও ট্রাক থেকে চাঁদা তোলা হচ্ছে। শাহজাদপুর, উল্লাপাড়া, রায়গঞ্জ, তাড়াশ, সদর ও কামারখন্দ উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাইওয়ে ও থানা পুলিশ চাঁদা তুলছে বলে পরিবহন মালিকেরা অভিযোগ করেছেন। তবে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ আহমেদ বলেন, ‘যদি কেউ চাঁদা তোলে, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’মানিকগঞ্জে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ভাটবাউর, পুখুরিয়া, ফলসাটিয়া, বারবাড়িয়াসহ বেশ কয়েকটি এলাকায় হাইওয়ে পুলিশ গাড়ির কাগজপত্র পরীক্ষা ও নিরাপত্তা তল্লাশির নামে চাঁদা তুলছে বলে অভিযোগ পাওয়া গেছে। গোলড়া হাইওয়ে থানার ওসি মো. সোহেল রানা বলেন, ‘থানা এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা আমার জানা নেই।’ ফরিদপুরে পুলিশ ও পরিবহনশ্রমিদের চাঁদাবাজি: ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর অংশে পুলিশ, পরিবহনশ্রমিক ও পৌরসভার নামে চাঁদাবাজি চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবহন চালকদের ভাষ্যমতে, পুলিশ চাঁদাবাজি করছে তল্লাশির নামে, দুই শ্রমিক সংগঠন চাঁদাবাজি করছে কল্যাণ ফান্ডের নামে ও পৌরসভা চাঁদাবাজি করছে টার্মিনাল ফি ও টোল আদায়ের নামে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক বলেন, চাঁদাবাজির অভিযোগ তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।দুস্থ শ্রমিকদের সহায়তার নামে ঠাকুরগাঁও মহাসড়কে চাঁদাবাজি: দুস্থ শ্রমিকদের সহায়তার জন্য তহবিল গঠনের নামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে চাঁদা তোলা হচ্ছে। ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের লোকজন এ চাঁদা তুলছে। ইউনিয়নের সভাপতি মোহামঞ্চদ সুজন আলী বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহায়তা কার্যক্রম আরও জোরদার করার জন্য শ্রমিক কল্যাণ রসিদের মাধ্যমে সবার সাহায্য নেওয়া হচ্ছে। [নারায়ণগঞ্জ প্রতিনিধি, গাজীপুর প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক, বগুড়া, যশোর অফিস, ফরিদপুর অফিস, নরসিংদী প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা, নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ প্রতিনিধি, ঠাকুরগাঁও প্রতিনিধি]