মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে গতকাল শনিবার গণপরিবহনে চাঁদাবাজির অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: সিদ্ধিরগঞ্জের গোলক মামুন, নয়াআটি এলাকার হীরণ, চাঁদপুরের মতলবের মো. আলী, সিদ্ধিরগঞ্জের বিল্লাল ও ওই এলাকার মাসুম। তাঁরা নিজেদের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনের পক্ষের লোক বলে দাবি করেছেন। অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মজিবর রহমান বলেন, গতকাল শিমরাইল মোড়ে গণপরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে চাঁদাবাজির এক হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে সিটি করপোরেশনের পার্কিং ইজারার নামে গণপরিবহন থেকে জোর করে চাঁদা আদায় করে আসছিলেন। তিনি বলেন, সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র শিমরাইল মোড়ে গণপরিবহন থেকে চাঁদা আদায় করে। চক্রের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গ্রেপ্তার ব্যক্তিরা সাংবাদিকদের বলেন, প্রতিদিন ৩০০ টাকা মজুরিতে শিমরাইল মোড়ে গণপরিবহন থেকে চাঁদা আদায়ের জন্য তাঁদের নিয়োগ দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনের ভাতিজা সোহেল। তাঁরা গণপরিবহন থেকে চাঁদা তুলে সোহেলকে বুঝিয়ে দেন। তাঁরা ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনের লোক বলে স্বীকার করেছেন।পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, গ্রেপ্তার চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হবে। তিনি বলেন, চাঁদাবাজির কারণে ঈদে ঘরমুখী মানুষের যেন ভোগান্তি না হয়, সে জন্য এ মহাসড়কে পুলিশ সক্রিয় রয়েছে। চাঁদাবাজদের চাঁদা না দেওয়ার জন্য পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার।প্রসঙ্গত, সম্প্রতি প্রথম আলোয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে গণপরিবহন থেকে চাঁদাবাজি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।