মহাসড়কে ছোট ছোট 'ঢিবি', ঘটছে দুর্ঘটনা
ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর ও শাজাহানপুর উপজেলার শতাধিক স্থানে সড়কের পিচ-পাথর উঁচু হয়ে ছোট ‘ঢিবি’র মতো রূপ নিয়েছে। এতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই ঢিবির কারণে যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে পথচারীর মৃত্যুর মতো ঘটনাও ঘটছে।
বগুড়ার সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, সড়কটির পিচঢালা পাকা অংশের নিচে শক্ত হয়ে জমাট বেঁধে উঁচু হয়ে ওঠায় ওপরের দিকে ঢিবির মতো আকার ধারণ করেছে। সড়কের সহ্য-ক্ষমতার চেয়ে যানবাহনগুলো মাত্রাতিরিক্ত মালামাল পরিবহন করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সড়কের যেসব জায়গায় গতিরোধক রয়েছে, সেখানে এমন ঢিবির সংখ্যাও বেশি।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের শেরপুর উপজেলার ঘোগা এলাকা থেকে শাজাহানপুরের মাঝিড়া বাজার পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকার শতাধিক স্থানে এমন ছোট ছোট ঢিবি তৈরি হয়েছে।
এলাকাবাসী জানান, প্রতিদিনই দূরপাল্লাগামী দ্রুতগতির কোনো না কোনো যান এসব ঢিবির সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনাও ঘটে। কিন্তু কর্তৃপক্ষের এদিকে নজর নেই।
শেরপুর বাসস্ট্যান্ডের স্থানীয় ব্যবসায়ী গাফফার হোসেন বলেন, সড়কের পিচ-পাথরের উঁচু ঢিবির সঙ্গে সংঘর্ষে গত ৩১ জুলাই রাতে একটি মালবাহী ট্রাকের চাকা ফেটে সেটির রিং ছুটে এসে দুই পথচারীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।
শেরুয়া বাজার এলাকার আবদুল হামিদ বলেন, এসব ঢিবির সঙ্গে সংঘর্ষে সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয় প্রাইভেট কার ও মাইক্রোবাস। তা ছাড়া ঢিবির সঙ্গে ঘষা লেগে গাড়িগুলোর নিচের অংশ ফেটে ক্ষতিগ্রস্ত হয়।
শাজাহানপুর উপজেলার মাঝিড়া বাজার এলাকার রিকশাচালক তবিবুর রহমান বলেন, অনেক সময় এসব ঢিবির সঙ্গে সংঘর্ষে গাড়িগুলো নিয়ন্ত্রণ রাখতে পারে না। তাই শত সাবধান হলেও মহাসড়কের পাশ দিয়ে চলতে আতঙ্কে থাকতে হয়।
বগুড়া জেলা ট্রাক, ট্যাংক-লরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুল আকতার বলেন, এসব ঢিবির জন্য বছর খানেক ধরে দূরপাল্লার যানবাহনের চালকেরা দুর্ভোগে পড়ছেন। ঢিবির সঙ্গে সংঘর্ষে গাড়ির চাকা থেকে যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা মাঝেমধ্যে এসে সরেজমিনে দেখে গেলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগই তাঁরা নেননি।
বগুড়ার সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী কামরুল হাসান বলেন, মহাসড়কের ওই দুই উপজেলার বিভিন্ন স্থানেই এ সমস্যা তৈরি হয়েছে। সমস্যার স্থায়ী সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলেই দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।