মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি সবই চলছে
ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবাধে চলছে এসব যান। গতকাল রোববার মহাসড়ক ঘুরে এই চিত্র চোখে পড়েছে।
গত বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক সাংবাদিকদের বলেছিলেন, ঈদে মানুষের যাত্রা নির্বিঘ্ন নিরাপদ করতে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী গত শনিবার থেকে মহাসড়কে এসব যান চলাচল বন্ধ রাখার কথা।
কিন্তু বাস্তবে মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ করা হয়নি। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মালবোঝাই ট্রাক নিয়ে যানজটে আটকা পড়েন ঢাকার যাত্রাবাড়ী থেকে যশোরগামী চালক মো. বাবুল ও রংপুরগামী কাভার্ড ভ্যানচালক মো. রানা। তাঁরা বলেন, এসব যান ঈদের তিন দিন আগে থেকে চলাচল বন্ধ কি না, তাঁরা তা জানেন না।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, পুলিশ মানুষের নিরাপদ যাত্রা নিয়েই ব্যস্ত থাকে। চালকেরা নিজেরা সচেতন না হলে করার কিছু থাকে না। এ বিষয়ে সবার সচেতন হওয়া দরকার বলে তিনি মনে করেন।