ঠাকুরগাঁও শহরে ট্রাক রাখার নির্দিষ্ট কোনো জায়গা নেই। ফলে চালকেরা পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের দুই পাশ দখল করে ট্রাক রাখছেন। যত্রতত্র ট্রাক রাখায় যানজটে নাকাল হচ্ছেন লোকজন।
জানতে চাইলে ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র এম এম এ মঈন প্রথম আলোকে বলেন, শহরে ট্রাক টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। উপযুক্ত জায়গা খুঁজে বের করতে কমিটিও করা হয়। কিন্তু পরে তা বন্ধ হয়ে যায়।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পুরোনো বাসস্ট্যান্ডের গোলচত্বর থেকে খাদ্য বিভাগের গুদাম পর্যন্ত সড়কের দুই পাশ ঘেঁষে রয়েছে গাড়ি মেরামতের ৩৬টি গ্যারেজ। আড়াই শ গজের মতো এই এলাকায় আরও রয়েছে যানবাহনের যন্ত্রাংশের ২১টি দোকান, ট্রাক বন্দোবস্তকারী এজেন্টের কার্যালয় ও ঠাকুরগাঁও-দিনাজপুর পথের বাসস্টপ। সড়কের দুই পাশে যত্রতত্র দাঁড়িয়ে আছে ৭৯টি ট্রাক, ১২টি বাস ও ১২টি অন্যান্য যান। বেশির ভাগ যানের পেছনের অংশটা মহাসড়কের ওপরে উঠে আছে। কয়েকটি ট্রাক সরাসরি মহাসড়কের ওপরেই থেমে আছে। এসব কারণে মহাসড়কটি এখানে সংকুচিত হয়ে গেছে।
কিছুক্ষণ পর খাদ্য বিভাগের গুদামের দিক থেকে এল মালবোঝাই একটি ট্রাক। গোলচত্বরের দিকে এগিয়ে যাওয়ার সময় তার সামনে পড়ে বিপরীতমুখী একটি ট্রাক। জায়গার অভাবে দুটি ট্রাকই সড়কের মধ্যে আটকে গেল। কয়েক মিনিটের মধ্যেই ট্রাক দুটির পেছনে বাস, ট্রাক, ইজিবাইক, রিকশাসহ অর্ধশতাধিক যানবাহনের সারি দেখা গেল।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, নির্দিষ্ট জায়গা না থাকায় ঠাকুরগাঁওয়ের চালকেরা পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক রাখতে শুরু করেন। ধীরে ধীরে সেখানে গ্যারেজ ও যন্ত্রাংশের দোকানসংখ্যা বাড়তে থাকে। এভাবে জায়গাটি এখন অলিখিত ট্রাকস্ট্যান্ডে পরিণত হয়েছে।
শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা সাহেদুল হক বলেন, ওই এলাকায় যানজটের মূল কারণ ট্রাক। ট্রাকচালকেরা সব সময় রাস্তা দখল করে রাখেন। অথচ এখানে সড়কের উভয় পাশে স্কুল-কলেজ, মসজিদ, ব্যবসাপ্রতিষ্ঠান, সদর হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। সেখানে যেতে লোকজন প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন।
তবে ট্রাকচালক ও শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, বাধ্য হয়েই তাঁরা সড়কের ওপরে ট্রাক রাখছেন। বিকল্প ব্যবস্থা থাকলে এটি ঘটত না।
জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নুল হক বলেন, একটি ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি তাঁদের দীর্ঘদিনের। কিন্তু এ বিষয়ে কোনো উদ্যোগ নেই। তাই চালকেরা মহাসড়কের পাশে ট্রাক রাখছেন।
ট্রাক বন্দোবস্তকারী এজেন্ট কার্যালয়ের সামনে ট্রাক রাখছিলেন মহসিন আলী নামের এক চালক। তিনি বলেন, যশোর থেকে এক ব্যবসায়ীর মালামাল নিয়ে এসেছেন। ভাড়া পেলেই ফিরে যাবেন। ভাড়া পেতে দালাল কার্যালয়ে (ট্রাক বন্দোবস্তকারী এজেন্ট) যেতে হবে। তাই এখানে ট্রাক রাখছেন। তবে শহরে ট্রাক টার্মিনাল থাকলে তিনি সেখানেই ট্রাক রাখতেন।
ঠাকুরগাঁওয়ের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা মাঝেমধ্যে এসব এলাকায় অভিযান চালিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা যানবাহনগুলো সরিয়ে দিই। কিন্তু জনবলের সংকটে ট্রাফিক বিভাগ নিয়মিত অভিযান চালাতে পারে না।’