মহাসড়কে ডাকাত-আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল, হাটিকুমরুল-বনপাড়া, পাবনা-বগুড়া মহাসড়কে ডাকাত-আতঙ্ক বিরাজ করছে। ইতিপূর্বে সংঘটিত ডাকাতি-ছিনতাইয়ের অনেক ঘটনায় পুলিশ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে ব্যর্থ হওয়ায় এসব পথের যাত্রী, চালক এবং পরিবহন শ্রমিকদের মধ্যে এই আতঙ্ক বিরাজ করছে। পরিবহন শ্রমিক এবং ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, ডাকাতি-ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের বেশির ভাগই স্থানীয় হলেও পুলিশ এদের গ্রেপ্তার করতে না পারায় ডাকাতির হার বাড়ছে। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দুর্ধর্ষ ডাকাত কোরবানের নেতৃত্বে তার দল ওই সড়কগুলোতে ডাকাতি-ছিনতাই করছে—এমন অভিযোগ থাকলেও কোরবানকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু সেতু-হাটিকুমরুল সড়কের সলঙ্গা থানার পাচিলায় গত ২৭ এপ্রিল বগুড়াগামী এসআর প্লাস নামের একটি বাসে ডাকাতি হয়। ২২ মে একই সড়কের সলঙ্গা থানার ঘুরকায় বগুড়াগামী একটি ব্যক্তিগত মোটরগাড়ি ডাকাতদের কবলে পড়ে। ৪ জুন রাতে সড়কের সলঙ্গা থানার সাতটিকড়ি এলাকায় ডাকাতেরা চালবোঝাই একটি ট্রাক আটকে একজনকে হত্যা করে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। ৬ জুন রাত ১১টার দিকে একই সড়কের বরাইগ্রাম এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ১৫ জুন রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলায় যাত্রীবাহী একটি বাসে ডাকাতি হয়। এই ঘটনার তিন দিন পর একই সড়কের মহিষলুটি এলাকায় একটি মাইক্রোবাসে ডাকাতি হয়। ১৯ জুন রাতে একই এলাকায় একটি মালবাহী ট্রাক আটকে চালককে মারধর করে পাঁচ হাজার টাকা লুটে নিয়ে যায় ডাকাতেরা। ২০ জুন রাত ১১টার দিকে একটি ব্যক্তিগত মোটর গাড়ি খালকুলায় ডাকাতের কবলে পড়ে। ২৫ জুন মহিষলুটি এলাকায় রবিউল করিম নামের এক ব্যক্তির একটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত ২৭ জুন রাতে একই স্থানে একটি ট্রাকে ডাকাতি হয়। গত ৬ জুলাই মধ্যরাতে সড়কের সদানন্দপুর এলাকায় গরুবোঝাই একটি ট্রাক ডাকাতের কবলে পড়ে। এ সময় টহলরত পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলি হয়। ১০ জুলাই পাবনা-বগুড়া মহাসড়কের ঘুরকা বেলতলায় একটি ট্রাকে ডাকাতি হয়। এ ছাড়া ১৪ জুলাই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়ক-হাটিকুমরুল সড়কের কোনাবাড়ীতে একটি ব্যক্তিগত মোটরগাড়ি ছিনতাই হয়। ২০ জুলাই একই সড়কের কড্ডার মোড় এলাকায় গোপালপুর গ্রামের সবুজ আলী নামে এক ব্যক্তির কাছ থেকে তাঁর মোটরসাইকেলটি ছিনতাই হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ফরিদুল ইসলাম, সলঙ্গা থানার ওসি তাজুল হুদা, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি মেহেদী হাসান জানান, হাইওয়েসহ সব স্থানে পুলিশের নজরদারি বৃদ্ধি করায় গত বছরের চেয়ে এবার অপরাধ মূলত অনেক কম হয়েছে। গত তিন মাসের পাঁচটি মামলায় ১০ জনকে গ্রেপ্তার এবং ট্রাকসহ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।