মহাসড়কে তরকারির হাট
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুরে নাটোর-পাবনা মহাসড়কজুড়ে সপ্তাহে দুই দিন সোম ও বৃহস্পতিবার কাঁচা তরিতরকারির হাট বসছে। ক্রেতা-বিক্রেতারা ঝুঁকির মধ্যে বেচাকেনা করেন এ হাটে।খোঁজ নিয়ে জানা গেছে, নাটোর সদর, গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় প্রচুর পরিমাণে বেগুন, করলা, ঝিঙে, কাঁকরোলসহ বিভিন্ন তরিতরকারি উৎপাদিত হয়। এলাকার কৃষকেরা ভোগান্তি ও পরিবহন খরচের কবল থেকে বাঁচতে প্রায় সাত বছর আগে স্বল্পপরিসরে আহমেদপুর বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় বেচাকেনা শুরু করেন। পরে কিছু ব্যবসায়ী মহাসড়কের উভয় পাশে আড়ত গড়ে তোলেন। বর্তমানে এটি এলাকার বৃহৎ হাটে রূপ নিয়েছে।স্থানীয় ব্যবসায়ী হাবিবুর রহমান জানান, হাটটি এলাকার কৃষক, ব্যবসায়ীদের জন্য আশীর্বাদ বয়ে এনেছে। তবে এটি মহাসড়কের উভয় পাশে হওয়ায় হাটবারের দিন এলাকাবাসী ও পথচারীদের ভোগান্তির কারণ হয়ে উঠেছে। চাষি আ. কাদের, বুলবুল ও বকুল বলেন, ‘হাটে এবার কাঁকরোল ও বেগুনের দাম কম, তার ওপর হাটে এসে মহাসড়কের ওপর দাঁড়িয়ে জিনিস বিক্রি করতে হয়। রাস্তার ওপর হাট হওয়ায় দাঁড়িয়ে থাকলে অনেক সময় ঢাকাগামী কোচ গা ঘেঁষে চলাচল করে। এ জন্য যতক্ষণ হাটে থাকি ততক্ষণ আতঙ্কে থাকতে হয়।’ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বলেন, ‘জেলার অন্যান্য হাটের চেয়ে এই হাটে বেগুনসহ তরিতরকারির আমদানি অনেক বেশি বলে নিয়মিত এখানে আসি।’মহাসড়কে চলাচলকারী হানিফ পরিবহনের চালক সোবাহান ও শ্যামলী পরিবহনের চালক বিষ্ট জানান, দূরপাল্লার গাড়ি হলেও আহমেদপুরে এসে হাটের যানজটে প্রায় আধা ঘণ্টা আটকে থাকতে হয়। এতে যাত্রীরাও বিব্রত বোধ করেন। এ ক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কাও থাকে।ব্যবসায়ীরা জানান, হাটে টোল দিলেও সুবিধা বাড়েনি। ক্রেতা-বিক্রেতারা ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে মালামাল কেনাবেচা করেন। এদিকে এ হাটসংলগ্ন সড়কের দক্ষিণ পাশে রয়েছে আহমেদপুর উচ্চবিদ্যালয়, আহমেদপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আহমেদপুর ডিগ্রি কলেজ-১ ও রাজিয়া সুলতানা শিশু একাডেমি। আর উত্তর পাশে আহমেদপুর ডিগ্রি কলেজ-২। আহমেদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কুমার সরকার বলেন, ‘হাটের দিন এলে ছেলেমেয়েদের কষ্ট হয় বলে আমি হাট কমিটিকে অবগত করেছি। কিন্তু তারা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না।’ হাট কমিটির সভাপতি মো. আ. রউফ বলেন, ‘দেশের অনেক হাটই রাস্তার ওপর বসে। আহমেদপুরের কাঁচামালের হাট রাস্তার পাশে বসে, এতে দোষের কী?’ বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখব।’