মহাসড়কে তীব্র যানজট
দীর্ঘ হরতাল-অবরোধের পর দুটি দিন ফাঁকা পেয়ে সবাই বেরিয়ে পড়েছিল গন্তব্যে যেতে। কিন্তু একসঙ্গে এত গাড়ির চাপে সড়ক-মহাসড়কে গতকাল শুক্রবার ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ যানজট একপর্যায়ে প্রায় ৭০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়। একই মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডে গতকাল দুপুরের পর থেকে যানজট শুরু হয়। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশেও ব্যাপক যানজট ছিল গতকাল দিনভর। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মহাসড়কে গাড়ির সংখ্যা বাড়তে থাকে। গাড়ির চাপের সঙ্গে ঘন কুয়াশার কারণে যান চলাচলের গতি ধীর হয়ে পড়ে। এতে রাত বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে বাড়তে থাকে গাড়ির জট। রাত দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা সদর থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত ৩৬ কিলোমিটার এলাকায় তীব্র যানজট লেগে যায়। একপর্যায়ে তা বাড়তে বাড়তে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার থেকে দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু পর্যন্ত মহাসড়কের প্রায় ৭০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
এতে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হয় যাত্রী ও চালকদের। শীতের রাতে চরম দুর্ভোগে পড়েন তাঁরা। রাত শেষে সকাল হলেও যানজট স্বাভাবিক হয়নি। গতকাল সন্ধ্যা পর্যন্ত ছিল প্রায় একই অবস্থা।
গতকাল বেলা তিনটার দিকে দাউদকান্দির বারপাড়ায় এলাকায় কথা হয় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের চালক মোশাররফ হোসেনের সঙ্গে। তিনি জানান, চট্টগ্রাম বন্দর থেকে গাড়ি নিয়ে রওনা হয়েছিলেন রাত ১১টার দিকে। রাতেই কুমিল্লায় পৌঁছে আটকে যান যানজটে। ১৪ ঘণ্টায় তিনি আসতে পেরেছেন দাউদকান্দির বারপাড়া পর্যন্ত।
ঢাকা থেকে কুমিল্লাগামী একটি বাসের যাত্রী ব্যাংক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, সকাল সাতটায় ঢাকা থেকে রওনা দিয়ে দাউদকান্দির গৌরীপুর পৌঁছাতে সময় লেগেছে আট ঘণ্টা। কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা পরিবহনের বাসের যাত্রী দেবীদ্বারের ব্যবসায়ী লিটন মিয়া বলেন, ‘কুমিল্লা থেকে সকাল আটটায় ঢাকায় উদ্দেশে ছেড়ে আসা বাসটির দাউদকান্দি পর্যন্ত ৫০ কিলোমিটার অতিক্রম করতে আট ঘণ্টা সময় লেগেছে। যানজটে বসে থেকে মনে হচ্ছে, মহাসড়ক যেন থমকে আছে।’ দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, হরতাল-অবরোধের পর অতিরিক্ত যানবাহনের চাপ, ঘন কুয়াশা, যানবাহন মহাসড়কে থামিয়ে চালকদের ঘুমানোর কারণেই এত ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডেও গতকাল দুপুরের থেকে যানজটের সৃষ্টি হয়। বিকেলে সরেজমিনে ঘুরে দেখা যায়, ভাটিয়ারী রেলস্টেশন থেকে বিএমএ পর্যন্ত, বানুরবাজার থেকে বাংলাবাজার পর্যন্ত, বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কার্যালয় থেকে শুকলালহাট পর্যন্ত গাড়ির তীব্র চাপে যানজট লেগে আছে।
হাইওয়ে পুলিশ জানায়, গতকাল সকাল থেকে মহাসড়কে যাত্রীবাহী গাড়ি অত্যধিক বেড়ে যায়। আর উপজেলার মাদামবিবিরহাট ও জলিল গেইট এলাকায় মহাসড়কের সংস্কারকাজ শেষ না হওয়ায় এবং সুলতানা মন্দির, মগপুকুর, ভাটিয়ারী, বিএমএ গেইট ও বাংলাবাজার এলাকায় মহাসড়কের এবড়োখেবড়ো গর্তের সৃষ্টি হওয়ায় ওই সব স্থানে ধীরগতিতে চলতে গিয়ে যানজটের সৃষ্টি হয়।
ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক: উত্তরবঙ্গ থেকে আসা গাড়িগুলো ঢাকায় প্রবেশ করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা হয়ে। চন্দ্রা থেকে পৃথক হয়ে যায় দুই দিকে। একটি চন্দ্রা হয়ে সাভারের নবীনগরের দিকে অন্যটি চন্দ্রা জয়দেবপুর হয়ে।
চন্দ্রা ত্রিমোড় এলাকায় বৃহস্পতিবার ভোর থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চন্দ্রা থেকে টাঙ্গাইলের দিকে ১২ কিলোমিটার মির্জাপুর উপজেলার গোড়াইল পর্যন্ত, চন্দ্রা থেকে নবীনগরের দিকে শ্রীপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এবং জয়দেবপুরের দিকে উপজেলার সফিপুর পর্যন্ত বিস্তৃত ছিল যানবাহনের সারি। যানবাহনের চাপ বেশি থাকায় গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ীর উভয় দিকে ছিলে প্রায় সাত-আট কিলোমিটার পর্যন্ত যানজট।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানবাহনের চাপ বেশি থাকায় দীর্ঘ যানজট না হলেও গাজীপুর সদর উপজেলার বাসন সড়ক, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা ও শালনা এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।
রাজশাহী থেকে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেলসের সুপারভাইজার মো. কাজল জানান, রাজশাহী থেকে চন্দ্রা পর্যন্ত আসতে এমনিতে চার থেকে সাড়ে চার ঘণ্টা সময় লাগে। কিন্তু যানজটের আজ লেগেছে প্রায় আট ঘণ্টা।
কোনাবাড়ী মহাসড়ক পুলিশের পরিদর্শক মো. আলমগীর সিদ্দিক প্রথম আলোকে বলেন, যানজট নিরসনের ভোর থেকেই কাজ করছেন পুলিশের সদস্যরা। কিন্তু যানবাহনের চাপ বেশি থাকায় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেনে নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা এবং দাউদকান্দি (কুমিল্লা), সীতাকুণ্ড (চট্টগ্রাম) ও গাজীপুর প্রতিনিধি]।