মহাসড়কে থাকবে ১৪টি পর্যবেক্ষণ টাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যানজট মোকাবিলায় বিভিন্ন স্থানে ১৪টি পর্যবেক্ষণ টাওয়ার থাকবে। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন ঈদযাত্রা ও কোরবানির চামড়া পাচার রোধ নিয়ে এক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথা জানান।
বৈঠক শেষে আলোচনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম আলোকে বলেন, বিভিন্ন মহাসড়কের ১৪টি স্থানে পর্যবেক্ষণ টাওয়ার বসানো হবে, যাতে কোনো এলাকায় যানজট দেখা দিলে দ্রুত নিরসন করা যায়। ঈদে লঞ্চ ও বাসে যাতে অতিরিক্ত যাত্রী পরিবহন না করা হয় সেদিকেও দৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোরবানির পশু বেচাকেনায় জাল টাকার লেনদেন ঠেকাতে প্রতিটি পশুরহাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন থাকবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাটে বসানো হবে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা। এ ছাড়া ঈদের যে সময়টায় রাজধানী খানিকটা ফাঁকা থাকে, তখন পুলিশি টহল বাড়ানো হবে।
মন্ত্রী জানান, পশুরহাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কমিউনিটি পুলিশও থাকবে। অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য দূর করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। কোরবানির পশুর চামড়া যাতে পাচার না হতে পারে সে বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকবে।