মহাসড়কে দুর্ঘটনার কারণ খোঁজা হচ্ছে: ওবায়দুল কাদের
ঈদের পর মহাসড়কে একের পর এক দুর্ঘটনার কারণগুলো কী, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দুর্ঘটনাগুলোর কোনোটা চালকের বেপরোয়া গতির জন্য হচ্ছে, কোনোটা হচ্ছে মহাসড়কে অটোরিকশা চলাচলের জন্য।
এ ছাড়া মহাসড়কগুলোর পাশে ফিলিং স্টেশন থেকে সিএনজিচালিত অটোরিকশার চালকেরা এখন থেকে গ্যাস নেওয়ার জন্য আরও এক ঘণ্টা সময় বেশি পাবেন বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।
আজ শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার সিএনজিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে এ সভার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন।
সভায় মন্ত্রী বলেন, ‘আগে সবাই বলত, রাস্তা খারাপ। এখন দ্রুতগতির ভালো রাস্তা করে দিয়েছি। দ্রুতগতির রাস্তা পেয়ে চালকেরা যদি নিজেদের দিগ্বিজয়ী আলেক্সান্ডার ভাবতে শুরু করে, তাহলে তো সমস্যা। মালিক শ্রমিক সংগঠনগুলোর উচিত হবে এ বিষয়ে চালকদের ভালো করে কাউন্সেলিং করা।’
এ ছাড়া মহাসড়কে অটোরিকশা চলার কারণেও দুর্ঘটনা ঘটছে বলে উল্লেখ করেন মন্ত্রী। বলেন, ‘দেশের ২২টি মহাসড়কে সব ধরনের তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এর অনেকটাই বাস্তবায়ন করা গেছে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, অনেক সড়কে এসব যান চালানোর জন্য পেছন থেকে ইন্ধন দেওয়া হচ্ছে। এখানে রাজনৈতিক মদদও থাকে। আমি বলব, যাঁরা এসব করেন, তাঁরা দেশের ক্ষতি করছেন। মহাসড়কে কোনোভাবেই তিন চাকার যান চলতে দেওয়া হবে না। কঠোরভাবে এটি বন্ধ করা হবে।’
তবে রোগী পরিবহন কিংবা মৃত আত্মীয়ের বাড়িতে যাওয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। কিন্তু চট্টগ্রাম নগর ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক কোনোভাবেই চলতে দেওয়া হবে না।
মহাসড়কগুলোর পাশে ফিলিং স্টেশন থেকে সিএনজিচালিত অটোরিকশাগুলোতে গ্যাস নেওয়ার জন্য সময় বাড়ান মন্ত্রী। বলেন, এর আগে ভোর ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত দুই ঘণ্টা মহাসড়কে গ্যাস নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এখন থেকে এক ঘণ্টা সময় বাড়ানো হলো। ভোর ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত চালকেরা গ্যাস নিতে পারবেন।
অবৈধ সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ ও নগরে যান চলাচলে শৃঙ্খলা আনার ক্ষেত্রে জেলা প্রশাসন, ট্রাফিক পুলিশ ও সিটি করপোরেশনকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন মন্ত্রী। এ বিষয়টি দেখভালের দায়িত্ব নিতে মেয়র আ জ ম নাছির উদ্দীনকে অনুরোধ করেন তিনি। যানজট নিরসন ও পরিবহনে শৃঙ্খলা আনতে গঠিত কমিটিকে দ্রুত বৈঠকে বসার তাগিদ দেন মন্ত্রী। এ ছাড়া চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা মালিক শ্রমিকদের ছয়টি সংগঠনের মধ্যে ঐক্য না থাকারও সমালোচনা করেন তিনি।
মতবিনিময় সভায় আ জ ম নাছির উদ্দীন বলেন, যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সমন্বিতভাবে কাজ করতে হবে। দুর্ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে চালকদের প্রশিক্ষিত করার বিকল্প নেই।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ এম এ লতিফ, শামসুল হক চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক জলিল, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নূরে আলম, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসান ও বিভিন্ন মালিক শ্রমিক সংগঠনের নেতারা।