মহাসড়কে দুর্ঘটনায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের সদর ও শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই কারখানা শ্রমিক মারা গেছেন। আজ সোমবার সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ও গত রোববার রাতে শ্রীপুরের বেতঝুড়ি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন হুমায়ূন আহম্মেদ (৩৫) ও রোজিনা খাতুন (৩০)। হুমায়ূন গাজীপুর সদর উপজেলার মনিপুর নয়াপাড়া এলাকার মোছলেম উদ্দিনের ছেলে। তিনি হোতাপাড়া এলাকার ফুয়াং কারখানার কর্মী ছিলেন। রোজিনা খাতুন (৩০) ময়মনসিংহের হালুয়াঘাট থানার কালিয়ানীকান্দি গ্রামের দেলোয়ার হোসেন ফরাজীর স্ত্রী। তিনি নতুন বাজার এলাকার এসরোটেক্স কারখানার কর্মী ছিলেন।

সদর উপজেলার নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ অহিদুজ্জামান জানান, আজ সোমবার সকালে বাইসাইকেলে চড়ে যাচ্ছিলেন হুমায়ূন। গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ফুয়াং কারখানার সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাঁর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ উদ্ধার করা হয়েছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, রোজিনা খাতুন কারখানায় কাজ শেষে মাধখলা গ্রামে তাঁর ভাড়া বাড়িতে ফিরছিলেন। বেতঝুড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।