দেশের বিভিন্ন মহাসড়কে প্রতি মাসে দুর্ঘটনায় গড়ে ৮৩ জনের মৃত্যু হচ্ছে। অপরিকল্পিতভাবে নির্মিত আঁকাবাঁকা সড়কই এসব দুর্ঘটনার প্রধান কারণ বলে মনে করে পুলিশ। গতকাল রাজারবাগে হাইওয়ে পুলিশসংক্রান্ত এক বিশেষ সভায় মাঠপর্যায়ের কর্মকর্তারা এ অভিমত দেন। তাঁরা জানান, মহাসড়কের মোড় সোজা করা ও গতিরোধক না বসালে দুর্ঘটনা কোনোভাবেই কমবে না।জানা যায়, দেশের ১১ হাজার ৮০০ কিলোমিটার মহাসড়কে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে ২০০৫ সালে হাইওয়ে পুলিশ গঠন করা হয়। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। নানা প্রতিকূলতার কারণে হাইওয়ে পুলিশ কখনোই কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। সংস্থাটি কার্যকর করতে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে গতকাল হাইওয়ে পুলিশসংক্রান্ত বিশেষ সভা ডাকা হয়। রাজারবাগ পুলিশ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক হুমায়ুন কবির এবং সংস্থার এআইজি, সব পুলিশ সুপার ও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সভায় মাঠপর্যায়ের কর্মকর্তারা কর্মক্ষেত্রে তাঁদের নানা সমস্যার কথা তুলে ধরেন। কর্মকর্তারা ট্রাফিক পুলিশের মতো ৩০ শতাংশ অতিরিক্ত ভাতা দাবি করেন।বৈঠক সূত্র জানায়, হাইওয়ে পুলিশের একজন সদস্যকে গড়ে ছয় কিলোমিটার এলাকায় দায়িত্ব পালন করতে হয় বলে সভায় পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন। প্রকৃতপক্ষে এটি অসম্ভব ব্যাপার। তা ছাড়া এ সংস্থায় ট্রাফিক সার্জেন্ট পদে অর্ধেক লোকই নেই।আরেকজন কর্মকর্তা বলেন, পুলিশ সদর দপ্তর থেকে পুরোনো যানবাহন হাইওয়ে পুলিশকে দেওয়া হয়েছে। এগুলো বছরে তিন-চারবার করে মেরামত করতে হয়। পূর্বাঞ্চলের এক কর্মকর্তা সভায় বলেন, হাইওয়ে পুলিশে কোনো রেকার নেই। দুর্ঘটনা ঘটলে জেলা পুলিশের ওপর ভরসা করতে হয়।আরেক কর্মকর্তা সভায় বলেন, হাইওয়ে পুলিশ কোনো মামলা তদন্ত করতে পারে না। এ সংস্থাকে তদন্তের ক্ষমতা দিলে থানা পুলিশের কাজের চাপ অনেক কমে যাবে।সভা সূত্র জানায়, বৈঠকে কর্মকর্তারা বর্তমান কাঠামোর বদলে পশ্চিমাঞ্চলের বগুড়া, রংপুর, খুলনা ও বরিশালে এবং পূর্বাঞ্চলে গাজীপুর, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেটে হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয় স্থাপনের প্রস্তাব করা হয়। সভায় সড়ক দুর্ঘটনার একটি পরিসংখ্যান তুলে ধরা হয়। মহাসড়কে দুর্ঘটনার কারণ উল্লেখ করতে গিয়ে কর্মকর্তারা বলেন, তিন ও চার রাস্তার মোড় বেশি প্রশস্ত হওয়ার বদলে ছোট করা হয়েছে। এতে ওই সব সড়কে দুর্ঘটনা ঘটে। তাঁরা জানান, মহাসড়কে গাড়ি বেড়েছে, কিন্তু সড়ক আগের মতোই আছে।বৈঠকের ব্যাপারে জানতে চাইলে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, হাইওয়ে পুলিশকে কার্যকর করা গেলে মহাসড়কগুলো নিরাপদ করা যাবে। এতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হবে।