
ঈদযাত্রার দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবারও সব গুরুত্বপূর্ণ মহাসড়কে কমবেশি যানজট ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় প্রায় ১৩ কিলোমিটার ও দাউদকান্দিতে দুই কিলোমিটার এলাকায় ঘণ্টার পর ঘণ্টা গাড়ি আটকে ছিল।
ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে সকালে যান চলাচল স্বাভাবিক থাকলেও বিকেল থেকে থেমে থেমে যানজট তৈরি হয়। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে সকালে যানজট থাকলেও পরে তা কেটে যায়। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে দুই কিলোমিটার এলাকায় গাড়ি জটে আটকে ছিল।
সড়কপথে বুধবার থেকে ঈদযাত্রা শুরু হলেও গতকাল সন্ধ্যা থেকে মূল চাপ শুরু হওয়ার কথা। এবার ঈদের সরকারি ছুটি শুরু হচ্ছে রোববার। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তাই চাকরিজীবীদের অনেকে গতকাল ঢাকা থেকে বাড়ির পথে রওনা হন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
হাইওয়ে পুলিশ এবং ভুক্তভোগী যানচালক ও যাত্রীরা বলছেন, গতকাল ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা সেতু এলাকায় জটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে যানজটও বাড়তে থাকে। সকাল নয়টার দিকে মেঘনা সেতুর ঢাল থেকে গোমতী সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। দুপুর ১২টার পর থেকে যানজট আস্তে আস্তে কেটে যায়।
তবে গতকাল রাত আটটার দিকে গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হাসেম আলী বলেন, মেঘনা ও গোমতী সেতুর টোল প্লাজায় যানবাহনের চাপ আছে। যানবাহন পুরোপুরি থেমে নেই, ধীরে চলছে।
একই মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজায় টোল আদায়ে ধীরগতির কারণে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার পর থেকে যানজট তৈরি হয়। একপর্যায়ে গাড়ির সারি টোল প্লাজা থেকে দুই কিলোমিটার ছাড়িয়ে যায়।
দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলী বেলা ১১টার দিকে
স্থানীয় বিদ্যালয়ের ৩০ জন স্কাউট সদস্য নিয়ে দাউদকান্দি টোল প্লাজায় আসেন। শিক্ষার্থীরা টোল প্লাজায় এলোমেলো গাড়িগুলো সারিবদ্ধ করতে সহায়তা করে। অব্যবস্থাপনা ও টোল আদায়ে ধীরগতি দূর হওয়ায় দুপুর ১২টার পর থেকে যানজট কমতে থাকে। রাত সাড়ে আটটা পর্যন্ত এই অংশে যানবাহনের চাপ থাকলেও তেমন জট ছিল না।
বেলা পৌনে তিনটায় দাউদকান্দি টোল প্লাজায় কথা হয় ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী নিউ যাত্রীসেবা বাসের কয়েকজন যাত্রীর সঙ্গে। তাঁদের একজন যুবায়ের আহমেদ বলেন, তাঁরা সকাল ১০টায় ঢাকার যাত্রাবাড়ী থেকে বাসে ওঠেন। বেলা ১১টায় তাঁদের দাউদকান্দি পৌঁছার কথা থাকলেও মদনপুরে এসে যানজটে আটকা পড়েন। গজারিয়ার বাউশিয়া পর্যন্ত তাঁদের পৌঁছতে পৌনে পাঁচ ঘণ্টা সময় লেগে যায়।
ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ধীরগতি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশের ভোগড়া বাইপাস, কোনাবাড়ী, কালিয়াকৈর উপজেলার মৌচাক, চন্দ্রা ত্রিমোড় ও খাড়াজোড়া এলাকায় বেলা দুইটার পর থেকে যানবাহনের চাপ বাড়ে। এতে এসব এলাকায় থেমে থেমে যানজট সৃষ্টি হয়। রাত সাড়ে আটটা পর্যন্ত এই অবস্থা চলছিল।
চন্দ্রা এলাকায় যানজট নিরসনে দায়িত্বে থাকা কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ আলম বলেন, দুপুরের পর থেকে ঘরমুখী মানুষের চাপ বাড়ছে। এতে থেমে থেমে যানজট হলেও গাড়ি চলছে।
কোনাবাড়ী হাইওয়ে থানার পরিদর্শক হোসেন সরকার বলেন, ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুটি স্থানে গাড়ি বিকল হওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ বিকল গাড়ি দুটি সরিয়ে ফেললেও যানবাহনের চাপ বাড়তে থাকে। এ কারণে চন্দ্রা ও কালিয়াকৈর অংশে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।
মহাসড়কের টাঙ্গাইল অংশের দেওহাটা থেকে সোহাগপুর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত থেমে থেমে যানজট তৈরি হয়। এই রাস্তায় ধেরুয়া রেলক্রসিংয়ে ট্রেন চলাচলের সময় যান চলাচল বন্ধ থাকায় এই অবস্থা তৈরি হয়।
রাত সোয়া আটটার দিকে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার এসআই গোলাম কিবরিয়া বলেন, মহাসড়কের যান চলাচল এখনো স্বাভাবিক রয়েছে। কোনো প্রকার দুর্ঘটনা বা বৃষ্টি না হলে পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে গতকাল সকাল থেকে যানজট ছিল না। তবে বেলা দেড়টার পর থেকে যানবাহনের চাপ বাড়তে শুরু করে। এ সময় ঢাকার আবদুল্লাহপুর, গাজীপুরের টঙ্গী, টঙ্গী স্টেশন রোড, গাজীপুরা এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। রাত সাড়ে আটটা পর্যন্ত মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও সেগুলো ধীরগতিতে চলছিল।
বিকেলে গাজীপুরের নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি আবদুল হাই বলেন, বিকেল চারটার পর থেকে সড়কে যাত্রীবাহী বাসের চাপ ব্যাপক বেড়েছে। এ কারণে থেমে থেমে কিছুটা যানজট সৃষ্টি হচ্ছে।
ঢাকা-মাওয়া স্বাভাবিক, পাটুরিয়ায় গাড়ির সারি
গতকাল ঢাকা-মাওয়া মহাসড়কে যানবাহনের চাপ ছিল স্বাভাবিক। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে সকালে যানজট থাকলেও পরে তা ঠিক হয়ে যায়। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে দুই কিলোমিটার এলাকায় গাড়ি আটকা পড়ে ছিল।
ফেরি পরিচালনাকারী সংস্থা বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ রাত আটটার দিকে বলেন, এ ঘাটে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত একটু যানজট সৃষ্টি হয়েছিল। পরে তা কেটে গেছে। তবে বিকেল থেকে যানবাহনের চাপ আবার বাড়ছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের কর্মকর্তা এবং যাত্রী ও যানবাহনশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকায় গিয়ে যাত্রীবাহী বাসের প্রায় দুই কিলোমিটার লম্বা সারি ছিল। প্রায় প্রতিটি যানবাহনকে দেড় থেকে দুই ঘণ্টা করে ঘাটে আটকে থাকতে হয়।
দুপুর ১২টার দিকে যশোরগামী গোল্ডেন লাইন পরিবহনের যাত্রী তোফাজ্জল হোসেন বলেন, দুই ঘণ্টা আটকা থাকার পরও তাঁরা ফেরির নাগাল পাননি। ভ্যাপসা গরমে শিশুসন্তান নিয়ে নাস্তানাবুদ পরিস্থিতিতে পড়েছেন।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের এজিএম জিল্লুর রহমান বলেন, আজ শুক্রবার থেকে ঘাটে ১৯টি ফেরি দিয়ে পারাপার করা হবে। এতে যানবাহনগুলোকে আগের মতো দীর্ঘক্ষণ আটকে থাকতে হবে না।
[প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন গাজীপুর, মানিকগঞ্জ, দাউদকান্দি (কুমিল্লা) ও মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি এবং মুন্সিগঞ্জ সংবাদদাতা]