মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর ও বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। প্রতিনিধিদের পাঠানো খবর।

নাটোর : নাটোর সদর উপজেলার একডালা এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে আজ রোববার দুপুরে ট্রাকের ধাক্কায় জিনাত রেহানা নামের এক শিক্ষিকা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তাঁর স্বামী জিয়া আহমেদ। তাঁরা মোটরসাইকেলে চড়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে নাটোর হয়ে ঢাকা যাচ্ছিলেন। নিহত ওই নারী ঢাকার একটি স্কুলে শিক্ষকতা করতেন।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ আবদুল ওয়াদুদের শ্যালক জিয়া আহমেদ ও তাঁর স্ত্রী জিনাত রেহানা মোটরসাইকেলে চড়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিলেন। বেলা একটার দিকে নাটোর সদর উপজেলার একডালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাঁদের নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথেই জিনাত রেহানার মৃত্যু হয়। জিয়া আহমেদকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

গৌরনদী (বরিশাল) : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বেজহার এলাকায় আজ রোববার বিকেলে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ অধীর কুমার হালদার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি মাইক্রোবাস বেলা সাড়ে তিনটার দিকে গৌরনদী উপজেলার বেজহার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের ডোবায় পড়ে যায়। এ সময় বাসের চালক রাসেল খান (৩২), যাত্রী ফরিদা বেগম (৪২), আবদুল কাইয়ুম (২৬) ও আকাশ (৩০) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাসেল খান ও ফরিদা বেগমের অবস্থার অবনতি হলে তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকেল সাড়ে পাঁচটার দিকে ফরিদা বেগম মারা যান। ফরিদার বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলা সদরে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজুল ইসলাম জানান, পুলিশ বাসটি উদ্ধার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।