মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ৩
বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের বল্লভবাড়ী এলাকায় গতকাল রোববার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। একই দিন পৃথক আরেকটি ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুরে একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন।বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুজ্জামান বলেন, থানাসংলগ্ন বল্লভবাড়ী এলাকায় গতকাল ভোর সাড়ে চারটার দিকে একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার ওসমান আলী (২৬) ও ট্রাকের ড্রাইভার বাবু মিয়া (৩০) নিহত হন। আহত হন ১০ জন। তাঁদের কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসমানের বাড়ি লক্ষ্মীপুর জেলার গোবিন্দপুর গ্রামে এবং বাবুর বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলার খন্দকারটুলা গ্রামে।মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রইস উদ্দিন বলেন, গতকাল ভোর রাতে ঘটনাস্থলে একটি বাস উল্টে এর চাপায় এক ব্যক্তি নিহত হন। তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগের ভেতর সেনাবাহিনীর অবসরভাতার একটি বই ও ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। লাইসেন্সের তথ্য অনুসারে তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নিশ্চিতপুর গ্রামের মহর আলীর ছেলে নাজির উদ্দিন (৪০)। দুর্ঘটনার পর গাড়ির চারজন স্টাফ আহতাবস্থায় পালিয়ে গেছেন। ওই রাতেই রেকার দিয়ে গাড়ি ওঠানোর পর গাড়ির নিচ থেকে ওই লাশ পাওয়া যায়।