মহাসড়কে প্রতিমা রেখে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গাপূজা উদ্যাপনের জন্য মন্দিরে ঢুকতে না পেরে গতকাল শনিবার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে প্রতিমা রেখে অবরোধ সৃষ্টি করে প্রতিবাদ জানিয়েছে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা আউলিয়াপুর ভাতগাঁওয়ের সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। জানা গেছে, জমিদার বর্ধামনি চৌধুরীরানী সনাতন ধর্মীয় নারী-পুরুষদের পূজা-অর্চনার জন্য ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ এবং ভাতগাঁও মৌজায় শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দির স্থাপন করেন। মন্দির পরিচালনার জন্য ৮১ একর সম্পত্তি দেবোত্তর দান করেন। এর পর থেকে সেবাইতের মাধ্যমে ওই মন্দিরে সনাতন হিন্দু ধর্মাবম্বলীরা পূজা উদ্যাপন করে আসছিল। কিন্তু ২০০৯ সালে আন্তর্জাতিক কৃঞ্চভাবনামৃত সংঘ (ইস্কন) এই মন্দির পরিচালনার দায়িত্ব নেয়। সেই থেকে ওই গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা দুই ভাগ হয়ে পড়ে। ওই বছরের ১৮ সেপ্টেম্বর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সনাতন ধর্মাবলম্বী ফুলবাবু নিহত হন। এরপর প্রশাসন মন্দিরের কর্তৃত্ব গ্রহণ করে ও উভয় পক্ষকে মন্দিরে প্রবেশে নিষোজ্ঞা জারি করে। সেই থেকে প্রশাসনের নজরদারিতে পূজা উদ্যাপিত হচ্ছে। গত ২৮ আগস্ট ইস্কনভক্তরা তালা ভেঙে মন্দিরের দখল নিয়ে মূল মন্দিরের পাশে একটি মন্দির স্থাপন করে। এদিকে গত ৩০ আগস্ট সনাতন ধর্মাবলম্বীরা মন্দির থেকে ইস্কনভক্তদের উচ্ছেদ করতে জেলা প্রশাসনের কাছে আবেদন জানায়। কিন্তু প্রশাসন কোনো উদ্যোগ না নেওয়ায় গত শনিবার সকালে স্থানীয় সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা দুর্গাপূজা পালনের জন্য দুর্গাপ্রতিমা নিয়ে ওই মন্দিরে যায়। কিন্ত ইস্কনভক্তদের বাধায় তারা মন্দিরে প্রবেশ করতে না পেরে সকাল নয়টার দিকে প্রতিমা নিয়ে সদর উপজেলার কচুবাড়ি বোর্ড অফিস এলাকার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ওপর রেখে দিয়ে সড়কে অবরোধ সৃষ্টি করে। সে সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে। বেলা একটার দিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। ভাতগাঁও পূজা উদ্যাপন কমিটির সভাপতি ভবেশ চন্দ্র রায় বলেন, প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইস্কনভক্তরা মন্দিরের ভেতর দুর্গাপূজা উদ্যাপন করছে। কিন্ত সনাতনদের মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে না। জেলা প্রশাসক মুকেশ কুমার বিশ্বাস বলেন, এক মাসের মধ্যে মন্দিরের বিরোধ মীমাংসা করে স্থায়ী সমাধনের আশ্বাসে সনাতন ধর্মাবম্বলীরা মহাসড়ক থেকে প্রতিমা তুলে নেয়।ঠাকুরগাঁও পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ইন্দ্রনাথ রায় জানান, ইস্কন শুধু কৃষ্ণকীর্তন করে থাকে। শুধু মন্দিরের সম্পত্তি দখলে নেওয়ার জন্য ইস্কনভক্তরা এখন লোক দেখানো দুর্গাপূজা উদ্যাপন করছে।