মহাসড়কে ফের উঠছে দোকানপাট
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় উচ্ছেদ অভিযান শেষ হওয়ার এক মাসের মধ্যে আবারও অবৈধ দোকানপাট গড়ে উঠছে।
এরই মধ্যে ৭০০ স্থাপনা গড়ে তোলা হয়েছে। আরও অনেক স্থাপনা নির্মাণাধীন রয়েছে। ফলে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা মহাসড়কে ওই দোকানপাট নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, এক মাস আগে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় দুটি মহাসড়ক এবং মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা আওয়ামী লীগ, যুবলীগের স্থানীয় কার্যালয়সহ প্রায় দুই হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এর এক সপ্তাহ পর আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে কাঁচপুরের একটি রেস্তোরাঁয় দুই দফায় সভা করেন।
নাম প্রকাশ না করার শর্তে সভায় উপস্থিত একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, সভায় ঈদ সামনে রেখে দুই হাজার দোকান নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য দোকানপ্রতি থানার পুলিশকে দেড় হাজার, হাইওয়ে পুলিশকে ৯৫০ টাকা, সওজের কর্মকর্তাদের ৭০০ টাকা, জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) ৩০০ টাকা এবং উপজেলা প্রশাসনকে ৫০০ টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়। ওই অনুযায়ী যাঁরা টাকা দেবেন, তাঁরা দোকানপাট নির্মাণ করতে পারবেন। পরবর্তী সময়ে ওই সিদ্ধান্ত অনুযায়ী, আবার অবৈধভাবে দোকানপাট গড়ে উঠতে থাকে।
গতকাল রোববার কাঁচপুর বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, সেখানে প্রায় ৭০০ দোকান নতুন করে নির্মাণ করা হয়েছে। আওয়ামী লীগ ও যুবলীগের কার্যালয়ও নতুন করে নির্মাণ করা হচ্ছে। মহাসড়কের জায়গা দখল করে নির্মিত এসব স্থাপনার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
গত সপ্তাহে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় কমিটির সদস্য বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা নতুন করে অবৈধ দোকানপাট নির্মাণ করায় ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। সভায় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান ওই অবৈধ স্থাপনা আবারও উচ্ছেদ করার জন্য উদ্যোগ নেওয়া হবে বলে জানান।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলম মিয়া বলেন, উচ্ছেদ অভিযানের পর পুলিশসহ প্রশাসনের লোকজন মোটা অঙ্কের ঘুষ নেন। এ কারণে আবার এসব অবৈধ স্থাপনা নির্মাণের ব্যাপারে তাঁরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এসব অবৈধ স্থাপনা নির্মাণ নিয়ে এরই মধ্যে এলাকায় একাধিকবার সংঘর্ষ হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, অবৈধ স্থাপনা নির্মাণ করার ব্যাপারে পুলিশ কারও কাছ থেকে ঘুষ নেয়নি। এসব স্থাপনা উচ্ছেদ করার দায়িত্ব সওজ ও জেলা প্রশাসনের। পুলিশ শুধু অভিযানের সময় তাদের পাশে থাকে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম বলেন, ‘একশ্রেণির সন্ত্রাসী আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। আর তাদের সহযোগিতা করছে পুলিশ।’