মহাসড়কে বাঁশের তৈরি পণ্যের হাট, যান চলাচলে ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে গাড়ি পার্কিংয়ের জায়গায় বাঁশের তৈরি পণ্যের হাট বসেছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
সরেজমিনে গতকাল বৃহস্পতিবার সকালে দেখা গেছে, মহাসড়কে চলাচলকারী বাসগুলোর শঠিবাড়ী বাসস্ট্যান্ডের যে জায়গায় যাত্রী ওঠানো-নামানোর কাজ করানোর কথা, সেখানে এখন আর বাস দাঁড়াতে পারে না। ওই জায়গায় এখন হাটের পণ্য বিক্রি হচ্ছে। এতে করে মহাসড়কেই গাড়ি থামিয়ে যাত্রী ওঠানো-নামানোর কাজ করতে হচ্ছে বাসচালকদের। আর এতে যাত্রী ও হাটে কেনাকাটা করতে আসা মানুষজনকেই দুর্ভোগ পোহাতে হয়। সেই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
বাসচালক জমসেদ আলী বলেন, মহাসড়কে হাট বসলে গাড়ি চালানো যায় না। এ কারণে মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে।
মহাসড়কের যে স্থানে গাড়ি পার্কিং করার কথা, সেখানে বাঁশের পণ্য বিক্রির সঙ্গে জড়িত ব্যবসায়ীরা বলেন, বহুদিন ধরে তাঁরা এই স্থানে ব্যবসা করে আসছেন। কেউ কিছু বলেনি।
উপজেলার রসুলপুর এলাকার বাসিন্দা আরিফুজ্জামান বলেন, ‘অনেক বছর ধরেই এখানে এভাবে ব্যবসা করছি। এ জন্য হাট কমিটিকে ৩০ টাকা করে টোল দেওয়া হয়।’
পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি এলাকার জহুরুল ইসলাম বলেন, ‘১৭ বছর ধরে এই রাস্তার এখানে ব্যবসা করছি। তেমন কোনো অসুবিধা হয় নাই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও হাটের ইজারাদার সূত্র জানায়, মহাসড়কের দুই পাশে শঠিবাড়ী হাটের আয়তন প্রায় ১৪ একর। এখানে আনুমানিক দোকান রয়েছে দেড় হাজার। সপ্তাহে দুই দিন রবি ও বৃহস্পতিবার হাটবার। এ ছাড়া প্রতিদিনই বাজার বসে।
হাটের ইজারাদার আমিনুর রহমান প্রধান বলেন, ‘হাটে পর্যাপ্ত জায়গা না হওয়ায় হাটের দিন কয়েকজন ব্যবসায়ী রাস্তার পাশে বসেন। তাঁরা যে জায়গায় বসেন, অত দূর গাড়ি আসে না।’
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, হাটের দিন মহাসড়ক থেকে ব্যবসায়ীদের তুলে দেওয়া হলেও আবার এসে বসেন। এরপরও বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে বলে মন্তব্য করেন তিনি।