মহাসড়কে বালুর বস্তা ফেলে 'চৌকি' সেনাবাহিনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়কের প্রায় ১০০ কিলোমিটার অংশে সশস্ত্র ‘নিরাপত্তা চৌকি’ বসিয়েছে সেনাবাহিনী। মহাসড়কে নাশকতা ঠেকাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে এসব চৌকি বসানো হয়েছে।
গতকাল শনিবার মহাসড়কে কিছু পর পর বালুর বস্তার বেষ্টনী তৈরি করে চৌকি বানানো হয়েছে। সেখানে সশস্ত্র অবস্থান নিয়েছেন সেনাসদস্যরা। এ কাজে সেনাবাহিনীকে সহযোগিতা করছে পুলিশ। তবে দীর্ঘ এই মহাসড়কজুড়ে ঠিক কতটা ‘চৌকি’ বসানো হয়েছে, কৌশলগত কারণে তা বলতে চাননি সেনা কর্মকর্তারা।
বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক জানান, মহাসড়কের নিরাপত্তায় সেনাবাহিনীর দুটি ব্যাটালিয়ন কাজ করছে। পুলিশের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হচ্ছে।
জেলা পুলিশের সূত্র জানায়, সাম্প্রতিক হরতাল-অবরোধ ও রাজনৈতিক কর্মসূচির আগে-পরে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত মহাসড়কের প্রায় ১০০ কিলোমিটার অংশে যানবাহনে ব্যাপক নাশকতা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। মহাসড়কে এই তাণ্ডব ও নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিমশিম খাচ্ছিল।
গতকাল সরেজমিনে মহাসড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখা গেছে, কয়েক শ গজ পরপর মহাসড়কের পাশে বালুর বস্তা দিয়ে ‘নিরাপত্তা চৌকি’ বসানো হয়েছে। এসব চৌকিতে অবস্থান করছেন তিন থেকে চারজন সেনাসদস্য। তাঁরা যুদ্ধক্ষেত্রের মতো মহাসড়ক লক্ষ্য করে অস্ত্র তাক করে আছেন। চৌকিতে সেনাসদস্যদের সঙ্গে পোশাকধারী পুলিশ-সদস্যদেরও দেখা গেছে।
মহাসড়কে সেনাবাহিনীর নিরাপত্তা চৌকি স্থাপন করায় পরিবহনের চালক ও মালিকদের মধ্যে বেশ স্বস্তি নেমে এসেছে। শাহ ফতেহ আলী পরিবহনের বাসচালক আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘এত দিন মহাসড়কে কোনো নিরাপত্তা ছিল না। রাস্তায় গাড়ি বের করলেই কারণে-অকারণে দুষ্কৃতকারীরা হামলা চালাত। এখন সেনাবাহিনী মহাসড়কে অবস্থান নেওয়ায় সাহস পাচ্ছি।’
বগুড়া মোটরমালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, মহাসড়কে নিরাপত্তা দিতে সেনাবাহিনী এগিয়ে আসার পর পরিবহনে নাশকতা কতটা বন্ধ হবে, তা নিশ্চিত হওয়া যাবে পরের হরতাল-অবরোধের সময়। কারণ, যানবাহনে নাশকতা হয় কার্যত রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে। তবে সেনাসদস্যরা সশস্ত্র অবস্থান নেওয়ায় পরিবহনের মালিক ও শ্রমিকেরা এখন অনেকটা নিরাপদ বোধ করছেন।