মহাসড়কে বাস উল্টে নিহত ১
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে একজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ১৫ যাত্রী। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, পদ্মা পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বাসটি বড়াইগ্রামের মানিকপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে অজ্ঞাত এক যাত্রী (৩৬) ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় অন্তত ১৫ যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন আহত লোকজনকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।
বাসের আহত যাত্রী ছালেহা বেগম জানান, তিনি নাটোর জেলখানায় তাঁর স্বামীকে দেখে ওই বাসে বাড়ি ফিরছিলেন। হঠাৎ করে বাসটি কীভাবে উল্টে গেল বুঝে উঠতে পারেননি।
ঘটনাস্থল থেকে বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে একই সড়কের রেজীর মোড়ে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ছাত্রলীগের এক নেতাসহ দুজন নিহত হন।