মহাসড়কে বিপাকে যাত্রীরা, তীব্র যানজটে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ৭১ ঘণ্টার অবরোধ শেষে গতকাল শুক্রবার মহাসড়কে দূরের পথে যাত্রা শুরু করে বিপাকে পড়েছে যাত্রীরা। টানা এত দীর্ঘ সময়ের সড়ক, রেল ও নৌ অবরোধের কারণে আটকে পড়া মানুষের গন্তব্যে ফেরার চাপ ছিল সড়কের গাড়িতে। তবে হঠাৎ করে গতকাল রাত ১০টার দিকে আজ ভোর ছয়টা থেকে আবার ৭২ ঘণ্টার অবরোধ ডাকায় এসব যাত্রী দুর্ভোগে পড়ে। 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
মির্জাপুর, পাকুল্যা, করটিয়া, লাটিয়াপাড়াসহ বিভিন্ন স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল রাত থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়। ১৮-দলের ৭১ ঘণ্টার টানা অবরোধ শেষে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এ যানজট সৃষ্টি হয়েছে বলে পুলিশ, চালক ও ভুক্তভোগী যাত্রীরা জানিয়েছেন।

এ মহাসড়কের দুই পাশে আটকা পড়েছে সহস্রাধিক যানবাহন। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে হাজার হাজার যাত্রী। গতকাল বিকেল থেকে শুরু হওয়া যানজট আজ বেলা আড়াইটায় পাওয়া শেষ খবর পর্যন্ত ছিল। চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৭২ কিলোমিটার এলাকায় মহাসড়কে এ যানজট  দেখা যায়।

পুলিশ জানায়, ১৮-দলীয় জোটের অবরোধ কর্মসূচি শেষে গতকাল ভোর পাঁচটার পর থেকে মহাসড়কে যান চলাচল শুরু হয়। দুপুরের পর থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে। এতে যানজট সৃষ্টি হয়। রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈরে রেল ওভারব্রিজের ওপর প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে গেলে যানজট আরও বাড়তে থাকে।

আজ সকালে মহাসড়ক ঘুরে যানজটে আটকে পড়া হাজার হাজার যাত্রীর সীমাহীন দুর্ভোগের চিত্র দেখা যায়। বিশেষ করে নারী ও শিশুরা বেশি দুর্ভোগ পোহাচ্ছে। পচনশীল পণ্যবাহী অনেক ট্রাকও যানজটে আটকে আছে। পুলিশের সহায়তায় থেমে থেমে যানবাহন চললেও একটু দূরে গিয়ে তা আবার আটকে যাচ্ছে।

যানজটে আটকে পড়া এক যাত্রী জানান, দুই-তিন ঘণ্টার পথ ১২ ঘণ্টায়ও পার হওয়া যায়নি। যাত্রীরা সারা রাত মহাসড়কেই কাটিয়েছে। ঢাকা থেকে দিনাজপুরগামী নাবিল পরিবহনের সুপারভাইজার মো. ফিরোজ মিয়া বলেন, গতকাল রাত সোয়া ১০টার দিকে ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। আজ সকাল সোয়া আটটার দিকে তিনি মির্জাপুরের পাকুল্যা পার হয়েছেন। অথচ ভোর ছয়টার দিকেই তার দিনাজপুরে পৌঁছার কথা ছিল।

মির্জাপুরের গোড়াই মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোবাইদুল আলম বলেন, টানা পাঁচ দিন অবরোধের পর যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে পুলিশ।

দৌলতদিয়া ঘাট
বিআইডব্লিউটিসি ও দৌলতদিয়া ঘাট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৭২ ঘণ্টার অবরোধ শেষে অনেকেই মনে করেছিলেন রোববারের আগে অবরোধের মতো কোনো কর্মসূচি থাকছে না। এ কারণে দক্ষিণাঞ্চলের অনেক জেলা থেকে বিভিন্ন যানবাহন নদী পাড়ি দেওয়ার জন্য দৌলতদিয়ায় গিয়ে আটকা পড়ে। গতকাল সারা দিন দৌলতদিয়ায় গাড়ির লম্বা লাইনের সৃষ্টি হয়। এর মধ্যে যাত্রীবাহী দূরপাল্লার বাস ও জরুরি পণ্যবাহী গাড়ি আজ ভোররাত পর্যন্ত নদী পাড়ি দিতে পারলেও সাধারণ পণ্যবাহী ট্রাক ও ক্যাভার্ড ভ্যান এখনো পার হতে পারেনি।

সাতক্ষীরা থেকে আসা ট্রাকচালক জোনাইদ হোসেন আজ দুপুরে আলাপকালে জানান, ‘গতকাল দুপুরে ঘাটে পৌঁছে লম্বা সিরিয়ালে পড়ি। ভাবছিলাম, শনিবার অবরোধ বা হরতাল নাই। তাই খুব বেশি চিন্তা ছিল না। রাতে জানতে পারি আজ ভোর থেকে আবার ৭২ ঘণ্টার অবরোধ হচ্ছে। তখন তো মাথা খারাপ হয়ে গেল। এখন ভাবছি, নদী পাড়ি দিয়ে পাটুরিয়ায় গিয়ে বসে থাকব।’

গাজীপুর থেকে মাল বোঝাই করে খুলনার উদ্দেশে যাওয়া ট্রাকচালক রিমন শেখ জানালেন, গতকাল সন্ধ্যার আগে পাটুরিয়ায় পৌঁছে সারা রাত সিরিয়ালে থেকে আজ ভোরে নদী পাড়ি দিয়েছেন। এখন তিনি দৌলতদিয়া ঘাটে আছেন। সম্ভব হলে আজ রাতে তিনি রওনা দেবেন। কখন গন্তব্যে পৌঁছাবেন তা জানেন না।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া থেকে ৬৬৫টি ট্রাক, ৬৮০টি যাত্রীবাহী দূরপাল্লার বাস ও ৫২০টি ব্যক্তিগত গাড়ি নদী পার হয়েছে। দুপুরের আগ পর্যন্ত প্রায় ৩০০ পণ্যবাহী ট্রাক ও ক্যাভার্ড ভ্যান পারাপারের অপেক্ষায় ছিল, সেগুলো পার হচ্ছে।

(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন টাঙ্গাইল অফিস, মির্জাপুর ও গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি)