মহাসড়কে মহাভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ছবিটি আজ শনিবার সকাল ১১টার দিকে মহাসড়কের গজারিয়ার বাউশিয়া এলাকা থেকে তোলা। ছবি: আবদুর রহমান ঢালী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ছবিটি আজ শনিবার সকাল ১১টার দিকে মহাসড়কের গজারিয়ার বাউশিয়া এলাকা থেকে তোলা। ছবি: আবদুর রহমান ঢালী

ঈদের আগে দেশের মহাসড়কগুলোতে সৃষ্টি হয়েছে অসহনীয় যানজট। এতে মহাভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখী মানুষ। যানজটের পাশাপাশি কোনো কোনো এলাকায় বৃষ্টি যাত্রীদের দুর্ভোগ আরও বাড়িয়েছে।

অতিরিক্ত যানবাহনের কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এ যানজট শনিবার আরও প্রকট আকার ধারণ করেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার রাজারহাট থেকে গজারিয়া উপজেলার মেঘনা সেতু এলাকা পর্যন্ত বিচ্ছিন্নভাবে প্রায় ২৫ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত একটা থেকে এ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। শুক্রবার রাত ১০টার পর দাউদকান্দির রায়পুর পর্যন্ত ১৫ কিলোমিটারজুড়ে স্থবির হয়ে পড়ে। হাইওয়ে ও থানা-পুলিশের চেষ্টায় যানজট কিছুটা কমে এলেও আজ শনিবার সকাল ১০টার পর থেকে আবার তা বাড়তে শুরু করে।

আজ শনিবার সকাল ১০টায় দাউদকান্দির মেঘনা গোমতী সেতুর ওপর কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকাগামী রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের চালক নাছির উদ্দিন জানান, তিতাস উপজেলার কাওরিয়ারচর গ্রামের আছিয়া বিবিকে (৬৫) নিয়ে ঢাকায় রওনা দিয়ে তিন কিলোমিটার পথ অতিক্রম করতে তিন ঘণ্টারও বেশি সময় লেগেছে। দাউদকান্দির মাইজপাড়ায় সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কাভার্ড ভ্যানের চালক মো. মিলন জানান, চার দিন ধরে দাউদকান্দি থেকে সোনারগাঁওয়ের মেঘনা সেতুর পশ্চিম প্রান্ত পর্যন্ত তীব্র যানজট লেগে আছে। ২৫ কিলোমিটার পথ অতিক্রম করতে তাঁর প্রায় আট ঘণ্টা সময় লেগেছে।

মেঘনা গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় কুমিল্লার নির্বাহী হাকিম ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়সাল বলেন, ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কটির চলতি বছর চার লেন চালু হওয়ায় গাড়িগুলো মেঘনা-গোমতী, মেঘনা ও কাঁচপুর সেতুতে দুই লেনে চলাচল করতে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে দিনরাত কাজ চলছে বলে জানিয়েছেন গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহজামান রাজ।

ঢাকা থেকে দাউদকান্দিগামী কয়েকজন যাত্রী ও গাড়িচালক জানান, সকাল আটটায় ঢাকা থেকে রওনা দিয়ে মেঘনা সেতু এলাকায় এসে যানজটে আটকা পড়ে এক ঘণ্টার পথ অতিক্রম করতে প্রায় চার ঘণ্টা লেগেছে। ঢাকাগামী কাভার্ড ভ্যানের চালক বাবুল মিয়া জানান, মেঘনা-গোমতী ও মেঘনা সেতু এলাকায় টোল আদায়ে নতুন পদ্ধতি চালু করায় টোল নিতে দেরি হচ্ছে। এ কারণে যানজট কমছে না।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশের চেষ্টা চলছে।

এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে আজ শনিবারও যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। তার ওপর বেলা পৌনে দুইটার দিকে মুষলধারে বৃষ্টি হওয়ায় যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে গেছে। আজ সকাল সাড়ে আটটা থেকে এই এলাকায় যানজটের শুরু হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বেশ কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে যানজট সৃষ্টি হয়। আজ ভোরের দিকে যানজট কিছুটা কমলেও, সকাল থেকে মহাসড়কের নাটিয়াপাড়া থেকে কদিমধল্যা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকা, শুভুল্যা থেকে দুল্যা মনসুর পর্যন্ত দুই কিলোমিটার এবং বাওয়ার কুমারজানী থেকে গোড়াই পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট লেগে আছে। সকাল সোয়া ১০টার দিকে মহাসড়কের দুল্যা এলাকায় একটি লরি বিকল হয়ে পড়লে যানজট তীব্র হতে শুরু করে। কিছুক্ষণ পর লরিটি পুলিশ সরিয়ে নিলেও অতিরিক্ত গাড়ির চাপ থাকায় যানজট সামাল দেওয়া যাচ্ছে না।

এদিকে আজ দুপুরে বৃষ্টির কারণে যানজটে নাকাল যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়। বিশেষ করে যারা যানবাহনের ছাদে চেপে গন্তব্যে রওনা হয়েছে, তাদের অধিকাংশই ভিজে গেছে। অনেকে পলিথিন ও ছাতা ব্যবহার করলেও যানবাহন চলার সময় প্রচণ্ড বাতাসে ভিজে যাচ্ছে।

উত্তরাঞ্চলগামী ট্রাকচালক ইয়াদ আলী জানান, তিনি আজ শনিবার ভোর পাঁচটায় গাজীপুরের কোনাবাড়ী থেকে রওনা দিয়ে যানজটের কারণে প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর মির্জাপুর পৌঁছান। অথচ এইটুকু রাস্তা যেতে ৩৫ থেকে ৪০ মিনিট সময় লাগার কথা। দুল্যা মনসুর গ্রামের আইয়ুব মৃধা জানান, তাঁদের এলাকায় অধিকাংশ সময় যানবাহন রাস্তায় থেমে থাকছে। বেলা আড়াইটার দিকে দেখা যায়, মির্জাপুরের চড়পাড়া থেকে ঢাকাগামী যানবাহন থেমে আছে। তবে টাঙ্গাইলের দিকে যানবাহন ধীরগতিতে চলছিল।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর এলাকায়ও ছিল যানজট। থেমে থেমে চলেছে গাড়ি। ছবি: সোহেল মোহসিন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর এলাকায়ও ছিল যানজট। থেমে থেমে চলেছে গাড়ি। ছবি: সোহেল মোহসিন

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, যানবাহনের গতি স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। তবে থেমে থেমে চলছে।

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর থেকে ঢাকাগামী গাড়িগুলো নড়ছে না। সকাল আটটা থেকেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। এই মহাসড়কে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী গাড়িগুলো খুবই ধীরগতিতে এক লেন ধরে যাচ্ছে। তবে বেশির ভাগ সময়ই গাড়ি যানজটে থমকে থাকছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, হাটিকুমরুল থেকে কোনাবাড়ী পর্যন্ত মহাসড়কের দুই পাশে যানজট এবং অতিরিক্ত গাড়ির চাপে এমন অবস্থার সৃষ্টি হয়েছে।