মহাসড়কে মহাদুর্ভোগ
ঢাকা থেকে চট্টগ্রাম, ময়মনসিংহ, আরিচা, মাওয়াসহ দেশের প্রায় সব মহাসড়কে গতকাল শুক্রবার দীর্ঘ যানজট ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন গ্রামের বাড়ির উদ্দেশে যাওয়া যাত্রীরা। পুলিশ কর্মকর্তাদের ভাষ্যমতে, মহাসড়কে বাসের চাপ বাড়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। তবে তাঁরা যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঢাকা-চট্টগ্রাম: মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতু এলাকায় গতকাল সকাল থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এই যানজট পেরিয়ে মেঘনা সেতুর টোল প্লাজা এলাকায় গিয়ে গাড়িগুলোকে প্রায় পাঁচ কিলোমিটারব্যাপী যানজটে পড়তে হয়। দুটি সেতু এলাকায় গাড়িগুলোকে দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত আটকে থাকতে দেখা যায়। এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর সেতু থেকে ভুলতা গাউছিয়া পর্যন্তও যানজট ছিল। ঢাকা থেকে কুমিল্লাগামী তিসা পরিবহনের চালক আবদুল মজিদ বলেন, কাঁচপুর ও মেঘনা সেতু এলাকায় যানজটের কারণে ঢাকার সায়েদাবাদ থেকে মেঘনা সেতু এলাকায় আসতে তাঁর তিন ঘণ্টা সময় লেগেছে। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বলেন, ঈদ উপলক্ষে ঢাকা থেকে একসঙ্গে বেশি বাস ছাড়ায় অতিরিক্ত গাড়ির চাপে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট ছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি ও চট্টগ্রামের মিরসরাই উপজেলায়ও। ভোররাত চারটা থেকেই দাউদকান্দিতে মেঘনা সেতুর টোল প্লাজা এলাকা থেকে জিংগাতলী পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজট তীব্র আকার ধারণ করলে উপজেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। বেলা তিনটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় রাস্তার সংস্কারকাজ করতে গিয়ে দুপুরে চান্দিনা সদর থেকে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যা পর্যন্ত এ যানজট অব্যাহত ছিল।মিরসরাইয়ে হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. সরোয়ার হোসেন বলেন, পালাক্রমে দিন-রাত কাজ করেও যানজট কমানো যাচ্ছে না। তা ছাড়া গতকাল মিরসরাই সদর ও হাদী ফকিরহাট এলাকায় চার লেন প্রকল্পের সড়কের সংস্কারকাজের ফলে তীব্র যানজটে পড়ছেন দূরপাল্লার যাত্রীরা।ঢাকা-আরিচা: গতকাল সকাল থেকেই সড়কটিতে বাস ও ছোট গাড়ির চাপ বেড়ে যায়। স্থানীয় বাসগুলো দূরের গন্তব্যে যাত্রী বহন করায় এ চাপ আরও বাড়ে। সকাল নয়টার পর যানজটের সৃষ্টি হয় নবীনগর-কালিয়াকৈর সড়কের আশুলিয়ার জিরানী থেকে বলিভদ্র বাজার পর্যন্ত। ওই এলাকায় স্বাভাবিক গতির চেয়ে অনেক ধীরগতিতে গাড়ি চলতে থাকে। বেলা দুইটার পর পরিস্থিতির উন্নতি হয়। তবে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে মানিকগঞ্জের উথলী পর্যন্ত ও আবদুল্লাপুর-বাইপাইল সড়ক অনেকটা যানজটমুক্ত ছিল। যানজটের এ ছোঁয়া লাগে পাটুরিয়া ঘাটেও। সকাল নয়টার পর ঘাট ছেড়ে যানবাহনের লম্বা সারি বিস্তৃত হয় ঢাকা-আরিচা মহাসড়কে। বেলা একটা পর্যন্ত মহাসড়কের দেড় থেকে দুই কিলোমিটার পর্যন্ত পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। তবে বেলা একটার পর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে থাকে। এদিকে ঢাকা-আরিচা, আবদুল্লাপুর-বাইপাইল, নবীনগর-কালিয়াকৈর ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনকালে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আসাদুজ্জামান মিয়া গতকাল সাংবাদিকদের বলেন, ঈদে ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি স্ট্যান্ডে পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো স্ট্যান্ডে অযথা যানবাহন দাঁড়াতে না পারে। ঢাকা-ময়মনসিংহ: মহাসড়কের বিভিন্ন স্থানে সংস্কারকাজ চলছে। এরই মধ্যে এই পথে যান চলাচল করছে। অপরদিকে ঢাকা-টাঙ্গাইল সড়কে গত বুধবার থেকে সংস্কারকাজ বন্ধ রয়েছে। মাত্রাতিরিক্ত যানজট কমাতে জেলা পুলিশ সুপার ওই সড়কে সংস্কারকাজ বন্ধ রাখার অনুরোধ করেছেন। কিন্তু চলাচলের উপযোগী রাখতে সড়কের বিশেষ অংশগুলোতে কাজ করতে হচ্ছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথের (সওজ) কর্মকর্তারা।ঢাকা-হালুয়াঘাট পথে যাতায়াত করা ছোঁয়া পরিবহনের চালক সুরুজ মিয়া বলেন, রাস্তা খারাপ থাকায় অনেক যাত্রী ট্রেনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। ফলে ঈদের এ মৌসুমে বাসের যাত্রীসংখ্যা তুলনামূলক কম। তবে ঈদের দু-এক দিন আগে থেকে বাসের ওপর চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহগামী মালবাহী ট্রাকের চালক আবুল হাশিম বলেন, ‘রাস্তায় গর্ত, কিন্তু কাজ চলছে। ফলে কোনো কোনো জায়গায় যানজটের সৃষ্টি হচ্ছে। বেলা ১১টায় ভোগড়া বাইপাস এসে পৌঁছেছি। সেখান থেকে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাওনা চৌরাস্তা পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে।’এ ব্যাপারে সদ্য যোগদান করা গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী শফিকুল আলম বলেন, ‘রাস্তার পাশে যেখানে সেখানে গাড়ি পার্কিং করায় মাঝেমধ্যে যানজট লেগে থাকছে।’ অন্যদিকে মাওনা চৌরাস্তার পরিবহনশ্রমিক রিয়াজ উদ্দিন বলেন, সুনির্দিষ্ট জায়গা না থাকায় রাস্তার ওপরে গাড়ি দাঁড় করাতে হচ্ছে। এ জন্য কিছুটা যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া উপায় নেই।ঢাকা-মাওয়া: গতকাল ভোর থেকে মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়া ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফেরি পারাপারের অপেক্ষায় ছিল শতাধিক বাস, মাইক্রোবাস, প্রাইভেট কারসহ বিভিন্ন ধরনের যান। দুপুর ১২টার দিকে গাড়ির জট মাওয়া ঘাট থেকে শ্রীনগর-দোহার বাইপাস সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে ঢাকা-দোহার সড়কে চলাচলকারী যাত্রীরাও পড়েন বিপাকে।শরীয়তপুরের বাসিন্দা আলী হোসেন বলেন, স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে ভোরে রওনা দিলেও পাঁচ ঘণ্টা রাস্তায় কাটাতে হলো। গরমে খুব কষ্ট হয়েছে।শ্রীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, মাওয়া ঘাটে সকাল ১০টার পর ফেরি চলাচল শুরু করার পর দুপুর ১২টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।