মহাসড়কে যত্রতত্র গতিরোধক সাংকেতিক চিহ্ন নেই
সাতক্ষীরা মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যত্রতত্র গতিরোধক দেওয়ায় যান চলাচলে অসুবিধা হচ্ছে। কোনো সাংকেতিক চিহ্ন না থাকায় অস্বাভাবিক উঁচু এগুলোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-যশোর মহাসড়কের সাতক্ষীরা পলিটেকনিক কলেজের এলাকায় আড়াই শ মিটারের মধ্যে পাঁচটি গতিরোধক রয়েছে। এগুলোয় কোনো সাংকেতিক চিহ্ন নেই এবং বেশ উঁচু। একই সড়কের সিটি কলেজ, সার্কিট হাউস ও পুলিশ লাইনের সামনেরগুলো অস্বাভাবিক উঁচু। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কেও দেওয়া হয়েছে দুটি। সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের পানি উন্নয়ন বোর্ডের সামনে ও বাঁকাল মোড়েও দেওয়া হয়েছে গতিরোধক।সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সরকারি বালক বিদ্যালয়ের সামনে দুটি, বিজিবি কার্যালয়ের সামনে দুটি ও বিজিবি কার্যালয় থেকে মাত্র ৫০ মিটার দূরে তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আরও দুটি গতিরোধক দেওয়া আছে।সাতক্ষীরা-আশাশুনি আঞ্চলিক সড়কে জেলা জামায়াতের কার্যালয় ও জিএন প্রাথমিক বিদ্যালয়ের সামনে আছে একটি করে। সরকারি কলেজের সামনেও দুটি দেওয়া হয়েছে। সাতক্ষীরা সদর থানার সামনে একটি এবং শহরের সুলতানপুর, কামানগর, পলাশপোল, কাটিয়াসহ বিভিন্ন এলাকায় দেওয়া হয়েছে অনেকগুলো গতিরোধক।সড়ক ও জনপথ অধিদপ্তরের সাতক্ষীরা কার্যালয় সূত্রে জানা গেছে, সাধারণত জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকায় গাড়ি নিয়ন্ত্রিত গতিতে চালানোর জন্য গতিরোধকগুলো দেওয়া হয়। আবার অনেক ক্ষেত্রে সড়ক পারাপারের সুবিধার্থে এগুলো দেওয়া হয়। এগুলোর উচ্চতা তিন-চার ইঞ্চির মধ্যে। এর উভয় পাশে ছয় মিটার পর্যন্ত ঢালু করার নিয়ম রয়েছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, গতিরোধকগুলোর উচ্চতা ছয়-নয় ইঞ্চি। অনেকগুলোয় কোনো সাংকেতিক চিহ্ন নেই।ভাড়ায় মোটরসাইকেলচালক আবদুল জলিল ও মো. হাসানুজ্জামান জানান, পলিটেকনিক কলেজের সামনে গতিরোধকে কোনো সাংকেতিক চিহ্ন না থাকায় ও বেশ উঁচু হওয়ায় পড়ে গিয়ে তাঁদের হাত ভেঙে গেছে। সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার আলী হোসেন জানান, গতিরোধকগুলো উঁচু হওয়ায় গাড়ির তলা বেধে যায়।সওজ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী আবদুল রহিম জানান, জেলা সমন্বয় কমিটির সভায় তিনি গতিরোধকগুলো তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। দুর্ঘটনা কমাতে একটু উঁচু করে এগুলো দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, মাঝে মধ্যে সাধারণ রং দিয়ে এগুলোর ওপর সাংকেতিক চিহ্ন দেওয়া হলেও তা বেশি দিন থাকে না। সাতক্ষীরা-যশোর মহাসড়কে নির্দিষ্ট রং দিয়ে একজন ঠিকাদারকে সাংকেতিক চিহ্ন দেওয়ার কথা থাকলেও নানা অজুহাতে তিনি তা করছেন না।