মহাসড়কে যাত্রী পরিবহনের নামে ছিনতাই, আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার পাঞ্জনখাড়া গ্রামের তোফাজ্জল হোসেন গত ২৬ মে রাতে এক আত্মীয়াকে নিয়ে সাভারের নবীনগর বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। রাত ১০টার দিকে ঢাকা-মেট্রো-চ-১৩-২৮৫৩ নম্বরের মাইক্রোবাসের চালক জানান, তাঁরা পাটুরিয়ায় যাবেন। এ সময় মাইক্রোবাসে কয়েকজন বসা ছিল। তাঁদের যাত্রী ভেবে পাঁচজন মাইক্রোবাসে ওঠেন। মাইক্রোবাসটি ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকার ধামরাই উপজেলার বাথুলিতে পৌঁছালে যাত্রীবেশী ছিনতাইকারীরা তাঁদের কাছ থেকে নগদ অর্থ ও মুঠোফোন সেট লুটে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ঢাকার দিকে চলে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামকে জানানো হলেও পুলিশ ওই দিন মাইক্রোবাসটি আটক করতে পারেনি। গত মঙ্গলবার রাত ১১টার দিকে সাভার হাইওয়ে পুলিশ ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ওই মাইক্রোবাসটিসহ ছয়জনকে আটক করেছে। ধরা পড়ার আগে তারা গাবতলী থেকে যাত্রী তুলে সর্বস্ব লুটে নিয়ে হেমায়েতপুর এলাকায় যাত্রীদের নামিয়ে দেয়। আটক ব্যক্তিরা হলেন, মাইক্রোবাসের চালক নলছটির হারুনার রশিদ (৩৫), বরগুনার সুমন মিয়া (২৮), পিরোজপুরের মামুন হাসান (৩৬), ঝালকাঠির শহীদ মিয়া (২৮), চাঁদপুরের শাহীন খান (২৮) ও বরিশালের শাখাওয়াত হোসেন। তবে তাঁরা প্রায় সবাই রাজধানীর মিরপুরের বাসিন্দা বলে জানা গেছে। এদের মধ্যে মামুন হাসানের কাছ থেকে ভোরের আলো পত্রিকার একটি পরিচয়পত্র পাওয়া যায়। আটক হওয়ার পর ওই মাইক্রোবাসের চালক ও মানিকগঞ্জ সদর উপজেলার পাঞ্জনখাড়া গ্রামের তোফাজ্জল হোসেনসহ আরও অনেকেই বুধবার দুপুরে সাভার থানায় আটক ব্যক্তিদের কয়েকজনকে ছিনতাইকারী হিসেবে শনাক্ত করেন। পুলিশ জানায়, শুধু ওই মাইক্রোবাসটিই নয়, প্রতি রাতেই অন্তত অর্ধশত মাইক্রোবাস, প্রাইভেট কার ও মিনিবাস নিয়ে ঢাকা-আরিচা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সক্রিয় রয়েছে ছিনতাইকারীরা। গত ১২ মে রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্টেশন থেকে যাত্রী তুলে নগদ অর্থ ও মুঠোফোন সেট লুটে নিয়ে পালানোর সময় মানিকগঞ্জের ট্রাফিক পুলিশ মাইক্রোবাসসহ পাঁচ ছিনতাইকারীকে আটক করে। তাদের কাছ থেকেও পুলিশ ইসলামী টেলিভিশন এবং সাপ্তাহিক নবজাগরণ পত্রিকার স্টাফ রিপোর্টারের পরিচয়পত্র ও ইংরেজিতে প্রেস লেখা একটি স্টিকার উদ্ধার করে। এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। সাভার হাইওয়ে পুলিশের সার্জেন্ট সৈয়দ নাজমুল হুদা জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্টেশন থেকে কৌশলে মাইক্রোবাসে যাত্রী তুলে তাদের সর্বস্ব লুটে নিচ্ছে। রাত নয়টার পর থেকে ওই চক্রের সদস্যরা একাধিক দলে বিভক্ত হয়ে মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার গাবতলী, সাভারের হেমায়েতপুর, সাভার বাজার বাসস্ট্যান্ড, নবীনগর, বাইপাইল, ইসলামপুর এবং মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাত্রী তুলে সর্বস্ব লুটে নেওয়ার পর তাদের নামিয়ে দেয়। অনেকে চিনে ফেললে অথবা যাত্রীদের কেউ পুলিশ এবং সাংবাদিক পরিচয় দিলে তাঁদের হত্যা করা হয়। মঙ্গলবার রাতে আটক ব্যক্তিরা ওই চক্রেরই সদস্য। আটক হওয়া মাইক্রোবাসটিও একই কাজে ব্যবহার হয়ে আসছিল দীর্ঘদিন ধরে। ছিনতাইয়ের শিকার অনেকেই জানান, ছিনতাইকারীরা খুবই সংঘবদ্ধ। তাই হয়রানি থেকে বাঁচতে কেউ মামলা করে না। তাঁরা অভিযোগ করেন, রাত নয়টার পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্টেশনে সাদা পোশাকে ওত পেতে থাকলেই এদের ধরা সম্ভব।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, মঙ্গলবার রাতে আটক ব্যক্তিদের কয়েকজনকে শনাক্ত করা হলেও কেউ মামলা করতে রাজি হয়নি। তাই তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নেওয়া সম্ভব হয়নি।