মহাসড়কে যাত্রী ভোগান্তি বন্ধে আজ থেকে বিশেষ ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরে উত্তরাঞ্চলের মহাসড়ক যানজটমুক্ত রাখতে এবং যাত্রী ভোগান্তি বন্ধে হাইওয়ে পুলিশের নেওয়া ছয় ধরনের বিশেষ ব্যবস্থা আজ মঙ্গলবার থেকে কার্যকর হচ্ছে।
হাইওয়ে পুলিশের বগুড়া অঞ্চলের (উত্তরাঞ্চল) পুলিশ সুপার (এসপি) ইসরাইল হাওলাদার গতকাল সোমবার বলেন, রমজান মাসের প্রথম দিন থেকেই রোজা ও ঈদ উপলক্ষে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে নেওয়া বিশেষ উদ্যোগ কার্যকর হবে।
বিশেষ ব্যবস্থাগুলো হলো ঈদে ঘরমুখী মানুষের নির্বিঘ্নে ফেরা নিশ্চিত করা, ‘পর্যবেক্ষণ টাওয়ার’ থেকে বাইনোকুলার দিয়ে অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা পর্যবেক্ষণ, জেলা ও ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা, মহাসড়কে বিকল হওয়া গাড়ি দ্রুত অপসারণে মোটরসাইকেলে সার্বক্ষণিক পর্যবেক্ষণ, বিশেষ নিয়ন্ত্রণকেন্দ্র থেকে হাইওয়ে পুলিশের কার্যক্রম সমন্বয় এবং জরুরি প্রয়োজনে দুর্ঘটনাস্থল বা যাত্রী নিরাপত্তার প্রয়োজনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যেতে পুলিশের ‘স্ট্যান্ড বাই’ দল প্রস্তুত রাখা।
বগুড়া হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, হাইওয়ে পুলিশের ১৪টি থানা ও ফাঁড়ি বঙ্গবন্ধু যমুনা সেতু থেকে পঞ্চগড় এবং সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত মহাসড়ক এবং এর সংলগ্ন আঞ্চলিক মহাসড়কের নিরাপত্তা দেখভাল করে। প্রতিবছর রোজা ও ঈদ এলেই এসব সড়কে যানবাহন বেড়ে যায়। সীমিতসংখ্যক জনবল দিয়ে মহাসড়ক যানজটমুক্ত ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে হিমশিম খেতে হয়। এ ছাড়া বছরজুড়ে মহাসড়কে পরিবহন মালিক-শ্রমিক থেকে শুরু করে নামে-বেনামে চাঁদাবাজি চলে। এর সঙ্গে কখনো কখনো জড়িয়ে পড়ে পুলিশের কিছু অসাধু সদস্যও। এসব বিষয় সামনে রেখে এবার রোজা ও ঈদে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা ও উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনাপ্রবণ এলাকায় পুলিশকে সহযোগিতা করবে হাইওয়েভিত্তিক প্রায় তিন হাজার কমিউনিটি পুলিশ।
হাইওয়ে পুলিশের এসপি ইসরাইল হাওলাদার বলেন, চাঁদাবাজি বন্ধে মাঠে নামছে গোয়েন্দা দল। তারা মহাসড়কে চাঁদাবাজি দেখলেই সঙ্গে থাকা ক্যামেরায় সেই দৃশ্য ধারণ করবে। এরপর প্রমাণসহ চাঁদাবাজির তথ্য জানাবে হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। সে অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
হাইওয়ে পুলিশের দেওয়া তথ্যমতে, অপরাধীদের তৎপরতা ও যানজট পর্যবেক্ষণে এবার হাটিকুমরুল মোড়ে পুলিশের পর্যবেক্ষণ টাওয়ার বসানো হচ্ছে। যানজটপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত সিরাজগঞ্জের নলকাব্রিজ, পাঁচুরিয়া বাজার, হাটিকুমরুল গোলচত্বর, ঘুরকাবাজার, ভুঁইয়াগাতি, চান্দাইকোনা; বগুড়ার শেরপুর, মাঝিড়া, বনানী মোড়, তিনমাথা, চারমাথা টার্মিনাল, মাটিডালি, গোকুল, মহাস্থান, মোকামতলা; গাইবান্ধার ফাঁসিতলা, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, ধাপেরহাট; রংপুরের শটিবাড়ী, মিঠাপুকুর, মডার্ন মোড়, পাগলা পীর এলাকায় যানজট নিয়ন্ত্রণে কাজ করবে হাইওয়ে, জেলা ও ট্রাফিক পুলিশের সমন্বিত দল। থাকবে দুটি নিয়ন্ত্রণকেন্দ্র।
হাইওয়ে পুলিশ আরও জানায়, মহাসড়কে বিকল হওয়া গাড়ি দ্রুত সরিয়ে নিতে হাটিকুমরুল ও বগুড়ায় হাইওয়ে পুলিশের দুটি গাড়ি সরানোর যন্ত্র (রেকার) প্রস্তুত থাকছে। রংপুর ও রাজশাহীতে থাকছে সিটি করপোরেশনের আরও দুটি রেকার। মহাসড়কে বিকল হওয়া গাড়ির খবরাখবর সংগ্রহে এবং নির্দিষ্ট লেন ধরে গাড়ি চলাচল তদারক করতে কাজ করবে মোটরসাইকেল ভ্রাম্যমাণ দল। ঈদের পর ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চলাচল ঠেকাতে থাকবে হাইওয়ে পুলিশের ‘স্পিডগান’-ব্যবস্থা।