মহাসড়কে সকাল ৬-৯টা গ্যাস নিতে পারবে অটোরিকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পর দেশের বিভিন্ন মহাসড়কে একের পর এক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, কোনো দুর্ঘটনা চালকের বেপরোয়া গতির জন্য হচ্ছে, কোনোটা হচ্ছে মহাসড়কে অটোরিকশা চলাচলের জন্য। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার সিএনজিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে ওই সভা করেন মন্ত্রী। চট্টগ্রাম জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সভায় মন্ত্রী বলেন, বিভিন্ন মহাসড়কের পাশের ফিলিং স্টেশন থেকে সিএনজিচালিত অটোরিকশাগুলো গ্যাস নেওয়ার জন্য আরও এক ঘণ্টা সময় বেশি পাবে। তিনি বলেন, এত দিন সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত দুই ঘণ্টা মহাসড়কের পাশের ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সুযোগ পেতেন অটোরিকশার চালকেরা। এখন সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত গ্যাস নেওয়া যাবে।

মন্ত্রী বলেন, ‘আগে সবাই বলত, রাস্তা খারাপ। এখন দ্রুত গতির ভালো রাস্তা করে দিয়েছি। দ্রুত গতির রাস্তা পেয়ে চালকেরা যদি নিজেদের দিগ্বিজয়ী আলেক্সান্ডার ভাবতে শুরু করে, তাহলে তো সমস্যা। মালিক-শ্রমিক সংগঠনগুলোর উচিত হবে এ বিষয়ে চালকদের ভালো করে কাউন্সেলিং করা।’

মন্ত্রী বলেন, ‘দেশের ২২টি মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, অনেক সড়কে এসব যান চালানোর জন্য পেছন থেকে ইন্ধন দেওয়া হচ্ছে। এখানে রাজনৈতিক মদদও থাকে। যাঁরা এসব করেন তাঁরা দেশের ক্ষতি করছেন। মহাসড়কে কোনোভাবেই তিন চাকার যান চলতে দেওয়া হবে না। কঠোরভাবে এটি বন্ধ করা হবে।’ তিনি বলেন, চট্টগ্রাম নগর ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক কোনোভাবেই চলতে দেওয়া হবে না। আপাতত গ্রামের ভেতরে ইজিবাইকগুলো চলতে পারবে।

সভায় অবৈধ সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ ও চট্টগ্রাম নগরে যান চলাচলে শৃঙ্খলা আনার ক্ষেত্রে জেলা প্রশাসন, ট্রাফিক পুলিশ ও সিটি করপোরেশনকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন মন্ত্রী। এ বিষয়টি দেখভালের দায়িত্ব নিতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে অনুরোধ করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন সাংসদ এম এ লতিফ, শামসুল হক চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক জলিল, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসানসহ মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।